২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদ্যুতের জন্য নতুন টিভি চ্যানেল সম্প্রচারে আসছে না'

বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় সর্বশেষ লাইসেন্স পাওয়া বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আসতে পারছে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় সর্বশেষ লাইসেন্স পাওয়া বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আসতে পারছে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন। রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক মন্ত্রীর কাছে সর্বশেষ লাইসেন্স পাওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেলের অবস্থা জানতে চান। জবাবে আবুল কালাম আজাদ বলেন, "এই সরকারের সময় অনুমতি পাওয়া চারটি বেসরকারি টিভি চ্যানেল এখন সম্প্রচার করছে। বাকি যেগুলো এখনো সম্প্রচারের আসেনি- তাদের এখনো সময় আছে। তারা নির্ধারিত সময়ের মধ্যে সম্প্রচারের আসতে না পারলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেকে বিদ্যুৎ সংযোগের জন্য চালু করতে পারছে না। এরা প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে এসেছে।" নেত্রকোনা-৫ আসনের সাংসদ ওয়ারেসাত হোসেন বেলালের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে ১২টি চ্যানেলকে সম্প্রচারের অনাপত্তি দেওয়া হয়। এর মধ্যে, মাই টিভি, এটিএন নিউজ, মোহনা টিভি সম্প্রচারিত হচ্ছে। এছাড়া কয়েকটি চ্যানেল পরীক্ষামূলক সম্প্রচার করছে। অন্যান্য চ্যানেল অচিরেই সম্প্রচার শুরু করবে।" সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মমতাজ বেগমের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে সম্প্রচার চালাতে না পারলে অনুমতির শর্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ মুহূর্তে নতুন কোনো বেসরকারি টিভি চ্যানেলের অনুমোদন দেওয়ার বিষয় বিবেচনায় নেই বলেও জানান তিনি। চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসনের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন। ৮ বছরে বিটিভির আয় ৮৭৫ কোটি ফেনী-৩ আসনের সাংসদ মুহাম্মদ মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে আবুল কালাম আজাদ জানান, ২০০১-২০০২ থেকে ২০০৯-২০১০ অর্থ বছর পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন লাইসেন্স এবং বিজ্ঞাপন ফি বাবদ ৮৭৫ কোটি ছয় লাখ টাকা আয় হয়েছে। এর মধ্যে লাইসেন্স খাতে ১৪৩ কোটি ৭১ লাখ এবং বিজ্ঞাপন খাতে ৭৩১ কোটি ৩৫ লাখ টাকা আয় হয়েছে বলে জানান তিনি। গ্রামীণ ব্যাংক বিষয়ে নেত্রকোনা-১ আসনের সাংসদ মোশতাক আহমেদ রুহীর এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বিষয়টিকে 'স্পর্শকাতর' উল্লেখ করে এড়িয়ে যান। রুহী জানতে চেয়েছিলেন- গ্রামীণ ব্যাংক ২০০৬ সালে নোরাডের দেওয়া অনুদানের অর্থ চুক্তিভঙ্গ করে অন্যত্র হস্তান্তর করে। সংশ্লিষ্ট দাতা সংস্থাগুলোর ডেস্ক থেকে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যাবে কি না?" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএল/জেকে/২১১১ ঘ.