চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে মাছ ধরা ট্রলারের অবস্থানকাল ১৫ দিন থেকে কমিয়ে সাত দিন করার প্রতিবাদে মাছ ধরা বন্ধ রেখেছে 'মেরিন হোয়াইট ফিশ ট্রলার ওনার্স এসোসিয়েশন' চট্টগ্রামের সদস্যরা।
সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন ও সমাবেশ করে তারা অবিলম্বে এ সিদ্ধান্তবাতিলের আহ্বান জানান।
ঘণ্টাব্যাপী মানবন্ধনে ফিশ ট্রলারের (কাঠের ট্রলার) মালিক, কর্মচারী ও শ্রমিকসহ চার শতাধিক লোক অংশ নেয়।
সমাবেশে এসোসিয়েশনের সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আনসারী, কোষাধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
সমাবেশে জানে আলম বলেন, "১৯৮৩ সালের মৎস্য ট্রলার আইন অনুসারে সাগরে ট্রলারের (কাঠের ট্রলার) অবস্থানের সময়কাল ১৫ দিন এবং হাইকোর্টের আদেশে ১৪ দিন। কিন্তু মৎস্য অধিদপ্তর বেআইনিভাবে তা কমিয়ে সাত দিন করেছে।"
"এতে ক্ষুদ্র ট্রলার ব্যাবসায়ীরা ধংস হয়ে যাবে", বলেন জানে আলম।
এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাগরে যেতে আসতে মোট চার দিন সময় লাগে। সাত দিনের অনুমতি নিয়ে সাগরে গেলে শুধু তেলই খরচ হবে, মাছ না নিয়েই ফিরে আসতে হবে। তাই মাছ ধরা বন্ধ রেখেছি।
তিনি জানান, গত ২০ ফেব্র"য়ারি মৎস্য অধিদপ্তরের আদেশের পর থেকে ৫৬ টি ট্রলার অলসভাবে বসে আছে।
গত ৪০ বছর ধরে একইভাবে কাঠের ট্রলার সাগরে মাছ ধরে আসলেও বড় জাহাজ মালিকদের এককভাবে ব্যবসার সুযোগ দিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সমাবেশে অভিযোগ করেন এসোসিয়েশন নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/কেএমএস/২০২৯ ঘ.
bdnews24