ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদমশুমারি ও গৃহগণনা ২০১১-এর ১৫ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে।
সোমবার বেলা ৩টায় রাজধানীতে হোটেল শেরাটনে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
ভবিষ্যতের নিরাপত্তা ও সুখের জন্য আদমশুমারি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, "সমাজ, দেশ ও জাতির প্রতি সকল মানুষেরই দায়িত্ব রয়েছে।"
তিনি বলেন, "আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আদমশুমারি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সুক্ষভাবে আদমশুমারি পরিচালনা করতে হবে।
সোমবার থেকে এ ক্ষণগণনা শুরু হয়ে চলবে ২৪ মার্চ পর্যন্ত। এবং ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।
দেশে সর্বশেষ ২০০১ সালে চতুর্থ আদমশুমারি ও গৃহগণনা হয়।
ক্ষণগণনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ আদমশুমারির প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, আদমশুমারি নিয়ে আরো বেশি প্রচারণা করতে হবে, যাতে কেউ বাদ না পড়েন।
তিনি সকল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আদমশুমারির প্রচারণা কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা জানান, এবার তিনটি পর্যায়ে আদমশুমারি অনুষ্ঠিত হবে। আগামি ১৫-১৯ মার্চ অনুষ্ঠিত হবে মূল গণনা। এর পরের ২০ দিন এসব বিষয় যাচাই করা হবে। পরবর্তী ১২০ দিন ৯০টি প্রশ্ন নিয়ে সারাদেশের এক শতাংশ মানুষের কাছে প্রতিনধিরা গিয়ে তথ্য-উপাপ্ত চূড়ান্তভাবে যাচাই-বাছাই ও পর্যালোচনা করবেন।
তিনি জানান, এবার ব্যক্তিগত ১৪টি বিষয় এবং গৃহ সংক্রান্ত আরো ১১টি বিষয়ে তথ্য সংগ্রহে গণনাকারিরা বাড়ি বাড়ি যাবেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এই গণনার আওতায় আসবেন না।
আদমশুমারি পরিচালনার জন্য সারাদেশকে ১৩০টি জেলায় ভাগ করা হয়েছে। মাঠ পর্যায়ে ৫৭ হাজার সুপারভাইজার ও তিন লাখ ১০ হাজার গণনাকারি তথ্য সংগ্রহ করবেন। তথ্য সংগ্রহের ২৪ মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানান বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর মহাপরিচালক।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব রিতি ইব্রাহিমের সভাপতিত্বে ক্ষণগণনা অনুষ্ঠানে তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েত উল্লাহ মামুন, ইউনএনএফপিএ'র প্রতিনিধি আর্থার এরকেন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কাজী আকতার উদ্দিন আহমেদ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/কেএমএস/২০১১ ঘ.
bdnews24