২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট হামলা: আইওকে আদালতে তলব

আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তাকে (আইও) তলব করেছে আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক মামলার কাগজপত্রসহ আইওকে মঙ্গলবার হাজির হওয়ার এ আদেশ দেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ মামলাটি তদন্ত করছেন। এর আগে রোববার তিনি অষ্টমবারের মতো রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মাধ্যমে এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ আরো দুই মাস বাড়ানোর আবেদন করেন। সোমবার এর ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এদিন সময় বাড়ানোর ব্যাপারে আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি। শুনানিতে বিচারক তদন্তে দীর্ঘসূত্রতায় বিরক্তি প্রকাশ করেন বলেন, ২০০৪ সালের ওই ঘটনায় বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির স্ত্রী নিহত হয়েছিলেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী আহত হয়েছেন। এ মামলার তদন্তে যদি এতো বিলম্ব হয় তবে অন্য কোনো হত্যা মামলার তদন্তের ক্ষেত্রে কী হবে তা সহজেই অনুমেয়! এ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবুকে উদ্দেশ্য করে বিচারক বলেন, "আপনাদেরকে আর সময় দেওয়া উচিৎ নয়। সারা দেশের মানুষ এ মামলাটির দিকে তাকিয়ে আছেন। আগামীকাল (মঙ্গলবার) তদন্ত কর্মকর্তা সশরীরে আমার সামনে হাজির হয়ে তদন্তের বিষয়টি ব্যাখ্যা করতে হবে।" সর্বশেষ ৩০ নভেম্বর এ মামলার অধিকতর তদন্তের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছিলো। এদিকে একই ঘটনায় দায়ের হত্যা মামলায়ও গত বছরের ২২ নভেম্বর অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য একই তদন্ত কর্মকর্তা সপ্তম বারের মতো সময় চান। সে সময় প্রতিবেদন দাখিলের তারিখ ৭ মার্চ নির্ধারণ করে দেয় আদালত। দুটি মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর গত বছরের ৩ অগাস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন। পরে হত্যা মামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এবং বিস্ফোরক মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। ওই ঘটনায় মতিঝিল থানায় হত্যা, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে মামলা হয়। পরে মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র দেওয়া হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/১৮২১ ঘ.