চাঁপাইনবাবগঞ্জ, ফেব্রুয়ারি ২৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক সঙ্কটে লিবিয়ায় আটকে পড়া শ্রমিকদের নিরাপদে ও দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে তাদের আত্মীয়-স্বজনরা বিক্ষোভ-মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে।
সোমবার সকালে তারা শহরে মিছিল, প্রেসক্লাবের সামনে মানববন্ধন, জেলা প্রশাসক কার্যালয় ও পৌরসভার সামনে সমাবেশ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
লিবিয়ায় আটকে পড়া শ্রমিক পরিবারের পাঁচ শতাধিক সদস্য এ কর্মসূচীতে অংশ নেয়।
গত সপ্তাহ থেকে লিবিয়ায় সরকারবিরোধী প্রবল বিক্ষোভ চলছে। উত্তর আফ্রিকার এ দেশটিতে ৫০ হাজারের বেশি বাংলাদেশি রয়েছে। এর মধ্যে সংঘাতপ্রবণ বেনগাজি শহরেই রয়েছে প্রায় ৩ হাজার বাংলাদেশি।
বিক্ষোভকারীরা সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। পরে শহরের শান্তি মোড় থেকে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর সেরাজুল ইসলাম জারজিস, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর কারিমা খাতুন ও ডা: মোয়াজ্জেম হোসেন।
পৌরসভার সামনে অনুষ্ঠিত এক সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ।
সমাবেশে বক্তারা বলেন, লিবিয়ায় তাদের আত্মীয়-স্বজনরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। তারা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এখানে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকন্ঠার মধ্যদিয়ে দিন কাটাচ্ছে।
তারা তাদের স্বজনদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/১৪৫৩ ঘ.
bdnews24