রংপুর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরনকারী তরুণী ইয়াসমিনের লাশ চুরি হওয়ার ৯ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বদরগঞ্জ থানা পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় জড়িত অভিযোগে হাসপাতালের তিন সেবিকাকে সোমবার সকাল ১০টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন হাসপাতালের পরিচালক।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, বদরগজ্ঞ উপজেলার জামুরবাড়ি ডাক্তারপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর মেয়ে ইয়াসমিনের সাথে প্রেমের অভিনয় করে সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের আসাদুজ্জামান খোকন। গত বুধবার সে ইয়াসমিনকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় এবং দুই দিন আটকে রেখে পাশবিক নির্যাতন চালায়।
বিষয়টি জানাজানি হওয়ায় লজ্জায় অপমানে ইয়াসমিন শুক্রবার রাতে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শনিবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে সে মারা যায়।
এদিকে পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য খোকন ও তার সহযোগীরা হাসপাতালের সেবিকা, আয়া ও কর্মচারীদের উৎকোচ দিয়ে ইয়াসমিনের লাশ চুরি করে বদরগঞ্জে নিয়ে এসে দাফনের চেষ্টা করে।
এ সময় এলাকার লোকজন লাশ দাফনে বাধা দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ রোববার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রোববার দুপুরে ইয়াসমিনের লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিভাবে লাশ গায়েব হলো তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর হাসপাতালের পরিচালক ওই সময় ২ নম্বর ওয়ার্ডে দায়িত্বে থাকা তিন সেবিকা শিউলী বেগম, মর্জিনা বেগম এবং বুলবুলি বেগমকে অভিযুক্ত করে তাদের তিন জনকেই সোমবার সকাল ১০টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. তৌফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "বিষ পানের ঘটনা পুলিশী মামলা। ময়না তদন্ত করার আগে কিভাবে লাশ ওয়ার্ড থেকে নিয়ে যাওয়া হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
বদরগজ্ঞ থানার ওসি তবারক আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় ইয়াসমিনের ভগ্নিপতি সাইফুল ইসলাম বাদী হয়ে খোকনসহ ৩ জনকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২৫৪ ঘ.
bdnews24