ঢাকা, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট কমাতে ছয় দফা প্রস্তাব দিয়েছে রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডা।
জাতীয় প্রেসক্লাবে রোববার এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আব্দুল মান্নান চৌধুরী খসরু এ প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবের মধ্যে রয়েছে এলিভেটেড টাওয়ার পার্কিং পদ্ধতি চালু করা, প্রতিটি গাড়ি সপ্তাহে একদিন বন্ধ রাখা, শিল্প-কারখানা বিকেন্দ্রীকরণ, অযান্ত্রিক যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনা, চলাচলের পথ বিন্যাস এবং চলাচলের আচরণবিধি শিক্ষা দেওয়া।
বারভিডা সভাপতি বলেন, সপ্তাহে প্রতিটি গাড়ি একদিন বন্ধ রাখা হলে তাৎক্ষণিকভাবেই ঢাকার ২০ শতাংশ যানজট কমে যাবে।
তার মতে, এলিভেটেড টাওয়ার পার্কিং পদ্ধতি বাস্তবায়ন করা হলে যানজট কমবে ৩০ শতাংশ।
আব্দুল মান্নান চৌধুরী খসরু আরো বলেন, এলিভেটেড পার্কিংয়ের স্থান নির্মাণে সিএনজি স্টেশনগুলোর মতো সরকারকে জমি বরাদ্দ দিতে হবে। এক্ষেত্রে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবন, হাসপাতাল, শপিং সেন্টার, সরকারি ও বেসরকারি কার্যালয়ের জন্য এলিভেটেড পার্কিং বাধ্যতামূলক করতে হবে।
তিনি জানান, ঢাকা মহানগরীতে বর্তমানে প্রায় ৮০ হাজার ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে। এ ছাড়া ১৫ থেকে ২০ বছরের বেশি বয়স্ক ত্র"টিপূর্ণ অনেক যানবাহন চলছে। এ সব যানবাহনের ওপর অতিরিক্ত কর (পেনাল রেট) আরোপ করা হলে এগুলো শহরের বাইরে যেতে আগ্রহী হবে।
এতে শহরের পরিবেশ সুরক্ষার পাশাপাশি যানজটও অনেক কমে যাবে বলে মনে করেন বারভিডা সভাপতি।
যানজটের কারণে ক্ষতির পরিসংখ্যান তুলে ধরে খসরু বলেন, ঢাকা মহানগরীর যানজটের কারণে কর্মঘণ্টা ও জ্বালানি তেলের জন্য প্রতি বছর ১৯ হাজার কোটি টাকা (প্রায় ২৬৮ কোটি ডলার) আর্থিক ক্ষতি হচ্ছে, যা আমাদের জাতীয় বাজেটের প্রায় ১৭ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/পিডি/২২১৩ ঘ.
bdnews24