কিশোরগঞ্জ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনের কাছে রোববার একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
এর ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ভৈরব রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ জানায়, রোববার বিকেলে এ দুর্ঘটনার পর বিভিন্ন স্টেশনে আটকা পড়ে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস, চাঁদপুরগামী চাঁদপুর লোকাল, ঢাকাগামী তিতাস কমিউটার, চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর গোধূলি, ঢাকা থেকে চট্রগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস, নোয়াখালীগামী উপবন, সিলেটগামী পারাবত এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন।
ভৈরব রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্রগ্রাম থেকে ঢাকাগামী 'আর্মি স্পেশাল' নামের মালবাহী ট্রেনটি রোববার বিকাল সোয়া ৫ টার দিকে ভৈরব রেলওয়ে সেতু পার হওয়ার পর ২৯ নং সেতুর কাছে পৌঁছলে এর দুটি বগি লাইনচ্যুত হয়। গতি সীমিত থাকায় চালক দ্রুত ট্রেন থামিয়ে ফেলেন।
রাত ৮টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায় এবং উদ্ধার কাজ শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৪৭ ঘ.
bdnews24