২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বালু সন্ত্রাসীদের ধাওয়া করলো গ্রামবাসী

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ মিছিল করেছে। রোববার দুপুরে শত শত গ্রামবাসী লাঠিসোটা নিয়ে নৌকাযোগে ধলেশ্বরী নদীতে বালু সন্ত্রাসীদের ধাওয়া করে। সন্ত্রাসীরা ড্রেজার ফেলে পালিয়ে যায়। গ্রামবাসী বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক, ডিগ্রির চর, গোগনগর, কুড়েরটেক গ্রামের ৭/৮শ' নারী পুরুষ অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে লাঠিসোটা, দা, বল্লম নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। তারা এক পর্যায়ে নৌকা যোগে গিয়ে নদীতে ড্রেজারে থাকা বালু সন্ত্রাসীদের ধাওয়া করে। গ্রামবাসীর ধাওয়ায় সন্ত্রাসীরা ড্রেজার ফেলে পালিয়ে যায়। সদর উপজেলার আলীরটেক, ডিগ্রির চর, গোগনগর এলাকার আব্দুল জব্বার, হেকমত আলী ও রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধলেশ্বরী নদী বেষ্টিত বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের গ্রামগুলো মূলত কৃষির উপর নির্ভরশীল। নদীর গতিপথ পরিবর্তন ও পলিমাটি ভরাটের মতো প্রকৃতির খামখেয়ালী আচরণে নিয়তি মেনে গ্রামবাসীকে নদীর আচরণের দিকে চেয়ে থাকতে হয়। কিন্তু গত কয়েক মাস ধরে প্রভাবশালীদের মদদে জনৈক বাদল মিয়া ধলেশ্বরী নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। এতে করে ধলেশ্বরী নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। নদীর তীরবর্তী গ্রামগুলো দিন দিন ভাঙ্গনের কবলে পড়ে নদী গর্ভে বিলীন হচ্ছে। কৃষি জমি হুমকির মুখে পড়েছে। এলাকার কৃষিনির্ভর পরিবারগুলো দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় সন্ত্রাসীরা নিরীহ গ্রামবাসীকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসী। তারা বলেন, নারায়ণগঞ্জের একজন প্রভাবশালী সাংসদের ছত্রছায়ায় নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য, গত ৫ ফেব্র"য়ারি নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক এলাকাবাসী ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করে। এর আগে গত ৫ জানুয়ারি বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গ্রামবাসী জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৫০ ঘ.