বরিশাল, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ে ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে ট্রলার ডুবে ও ট্রাক দুর্ঘটনায় অন্তত ৬০ মুসল্লি আহত হয়েছে।
রোববার সকালে ও দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
আহতদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ঝালকাঠি সদর হাসপাতাল ও চরমোনাই মাহফিল আয়োজক কমিটির হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, চরমোনাইয়ে পীর মাওলানা ফয়জুল করিম-এর দরবার শরীফ প্রাঙ্গণে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আখেরি মোনাজাত শেষে রোববার সকালে মুসল্লিরা ফিরতে শুরু করেন। মুসল্লিদের নিয়ে একটি ট্রলার বরিশালের উদ্দেশে রওনা হলে ঘাটের কাছেই লঞ্চের ধাক্কায় ডুবে যায়। মুসল্লিরা সবাই তীরে উঠতে সক্ষম হয়। তবে হুড়োহুড়ির কারণে অন্তত ২০ জন মুসল্লি আহত হয়েছে।
তাদেরকে চরমোনাইয়ে ওয়াজ মাহফিল আয়োজক কমিটির হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে অর্ধশতাধিক মুসল্লি রুপাতলী বাসষ্ট্যান্ড থেকে একটি ট্রাকে ঝালকাঠির আমুয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে বরিশাল-ঝালকাঠি সড়কের মধ্য রায়াপুরায় খলিফা বাড়ির সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে অন্তত ৪০ জন্য মুসল্লি আহত হয়। তাদের মধ্যে ১১ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২০ জনকে ঝালকাঠি সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০৪ ঘ.
bdnews24