২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ব্রাহ্মণবাড়িয়া, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ শতাধিক আহত হয়েছে। বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি এবং নবীনগর উপজেলার বাড্ডা গ্রামের রোববার দুপুরে এ সংঘাত বাঁধে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। দুই উপজেলার সীমান্তের এ দুই গ্রামের বাসিন্দারা একদিন আগেও সংঘর্ষে জড়িয়েছিলো। শনিবার বাড্ডা আছমাতুন্নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে দুই গ্রামের দুই যুবকের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে রোববার ১২টার দিকে দুই গ্রামবাসী অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় জীবনগঞ্জ বাজারে সংঘর্ষে লিপ্ত হয় বলে জানান বাঞ্ছারামপুর থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জালাল মিয়া নামে স্থানীয় এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষের সংঘর্ষে ২০/২৫টি দোকান ভাংচুর ও লুটপাট হয়। জীবনগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক নয়ন মিয়া জানান, সংঘর্ষের সময় বাজারের ব্যাবসায়ীদের অর্ধ কোটি টাকার মালামাল লুট হয়। সংঘর্ষে নবীনগর থানার ওসি রূপক সাহা, উপরিদর্শক আনোয়ার, উপপরিদর্শক কৃষ্ণ কুমারসহ ১২ জন আহত হন। সব মিলিয়ে আহতের সংখ্যা শতাধিক বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষ থামাতে পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ বিষয়ে ওসি আলাউদ্দিন বলেন, "কী পরিমাণ রাবার বুলেট এবং টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে, তা এখন ঠিক করে বলা যাচ্ছে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪৫ ঘ.