২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্রসীমার দাবি জাতিসংঘে জানাল বাংলাদেশ

বঙ্গোপসাগরে ৪০০-৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রসীমার দাবি জানিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 04:40 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে ৪০০-৪৬০ নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রসীমার দাবি জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি আনুষ্ঠানিকভাবে নিউ ইয়র্কে জাতিসংঘের ডিভিশন অব ওশেন অ্যাফেয়ার্স অ্যান্ড ল অব দ্য সি বিভাগে সমুদ্রসীমার এই দাবি পেশ করেন। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাধ্যমে ইউনাইটেড নেশন্স কনভেনশন অন দ্য ল অব দ্য সি'র (ইউএনসিএলওএস) ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী বৈজ্ঞানিক ও কৌশলগত তথ্য জমা দেওয়ার শর্ত পূরণ করলো বাংলাদেশ। ২০০ নটিক্যাল মাইলের বেশি সমুদ্রসীমার ক্ষেত্রে জাতিসংঘ কমিশনে এ সংক্রান্ত দাবি পেশ করতে হয়। এ বিষয়ে জার্মানির ফেডারেল ইনস্টিটিউট অব জিওসায়েন্সেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস (বিজিআর), নরওয়ের জিআরআইডি- আরেন্দাল, ইউনিভার্সিটি অব নিউ হ্যাম্পশায়ার এর সেন্টার ফর কোস্টাল অ্যান্ড ওশেন ম্যাপিং, স্ক্রিপস ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি ও যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটির ল্যামন্ত-দোহার্তি আর্থ অবজারভেটরি'র সঙ্গে পরামর্শ করেছে বাংলাদেশ। সমুদ্রসীমার দাবি জানানোর ক্ষেত্রে নথিপত্র চূড়ান্ত করতে আইনি ও কৌশলগত সহযোগিতা করেছে কমনওয়েলথ সচিবালয়ের অর্থনৈতিক ও আইন বিভাগ। সমুদ্রসীমা বিষয়ক কমিশনের সদস্য ড. হেরাল্ড ব্রেক্কে'র কাছ থেকেও পরামর্শ সহয়তা নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, অতিরিক্ত পররাষ্ট্রসচিব ও ইউনাইটেড ন্যাশন্স কনভেনশন অন দ্য ল অব দ্য সি (ইউএনসিএলওএস) এর প্রধান খুরশিদ আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বিভিন্ন মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেবি/পিডি/২২৪৩ ঘ.