গাজীপুর, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে শনিবার বাস চাপায় এক কলেজ শিক্ষিকার মৃত্যু হয়েছে।
নিহত নূর জাহান বেগম (৪৫) গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রভাষক। তার স্বামী মোশারফ হোসেন মোল্লা গাজীপুর হোমিওপ্যাথি কলেজের অধ্যক্ষ।
গাজীপুরের নাওজোড় পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল হোসেন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে কলেজ শেষে বাসে করে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে পৌঁছান নূর জাহান। সেখান থেকে রিকশায় করে আউট পাড়া এলাকায় বাসায় ফেরার সময় ঢাকাগামী একটি বাস পেছন থেকে তার রিকশাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।
গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে নূর জাহান বেগমের মৃত্যু হয় বলে পুলিশ সার্জেন্ট জানান।
তিনি বলেন, "বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২০১ ঘ.
bdnews24