সাভার, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে আরো একটি মুরগির খামারে বার্ড ফ্লু ধরা পড়েছে। ওই খামারের ৩ হাজার ৪০০ মুরগি নিধনের নির্দেশ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এ নিয়ে চলতি মাসে সাভারে ৫টি খামারে বার্ড ফ্লু ধরা পড়লো।
শনিবার সাভার উপজেলার সাদাপুর পুরানবাড়ী এলাকার অ্যাডভেঞ্চার অ্যাগ্রো ফার্মের মৃত মুরগি পরীক্ষা করে বার্ড ফ্লু সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগার-সিডিআইএল।
সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদুল আলম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত কয়েকদিন ধরে ওই খামারের ২০-২৫টি করে মুরগি মারা যাচ্ছিল।
"প্রাথমিক চিকিৎসা দিয়েও কোনো উন্নতি না হওয়ায় সকালে দুটি মৃত মুরগি পরীক্ষার জন্য সিডিআইএল এ পাঠানো হয়। সেখানে পরীক্ষায় বার্ড ফ্লু সনাক্ত হয়।"
তিনি জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী সন্ধ্যায় ওই খামারের মুরগিগুলো নিধনের নির্দেশ দেন। রাতেই ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলীর উপস্থিতিতে খামারের ৩ হাজার ৪০০ মুরগি মেরে মাটি চাপা দেওয়া হবে।
মুরগিগুলো মারার পর বস্তায় ভরে আটফুট গর্ত করে মাটি চাপা দিয়ে জীবানুনাশক ওষুধ ছিটিয়ে দেওয়া হবে বলে ফরহাদুল আলম জানান।
এর আগে গত ১১ ফ্রেব্র"য়ারি সাভারের রাজাশন এলাকার ঘাষমহলের সুরেশস্বরী এগ্রো মহল খামারে ১ হাজার ৭৮৪টি, ২০ ফ্রেব্রুয়ারি কুটুরিয়া এলাকার দীপ পোল্ট্রি ও কাঠগড়া এলাকার জয়নগর পোল্ট্রি অ্যাগ্রো হ্যাচারির ৮ হাজার ৮০০ মুরগি এবং ২৩ ফেব্র"য়ারি রাজাশন এলাকার কেয়া পোল্ট্রি খামারের বার্ড ফ্লু আক্রান্ত ৬ হাজার ৫০০ মুরগি নিধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/জেকে/২১২৭ ঘ.
bdnews24