২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ শ' বাংলাদেশি লিবিয়া ছেড়েছেন

সহিংসতার কারণে ১১ শ'র মতো বাংলাদেশি নাগরিক লিবিয়া ছেড়ে গ্রিস ও তিউনিসিয়ায় উদ্দেশে রওনা হয়েছেন বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংসতার কারণে ১১ শ'র মতো বাংলাদেশি নাগরিক লিবিয়া ছেড়ে গ্রিস ও তিউনিসিয়ায় উদ্দেশে রওনা হয়েছেন বলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। লিবিয়া পরিস্থিতি নিয়ে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব মিজারুলে কায়েস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খান এ তথ্য জানান। দুই-এক দিনের মধ্যে আরো অন্তত ছয় হাজার বাংলাদেশিকে লিবিয়া থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তারা। গত সপ্তাহে লিবিয়ায় প্রবল সরকারবিরোধী আন্দোলন শুরুর পর কয়েক হাজার বিদেশি নাগরিক সেখানে আটকা পড়েন। বৃহস্পতিবার লিবীয় সেনাবাহিনী তাদের মিশর সীমান্তবর্তী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। মিজারুল কায়েস ব্রিফিংয়ে বলেন, "আমরা এইমাত্র খবর পেলাম, তিউনিসিয়ায় আশ্রয় নিতে তিনশোর বেশি বাংলাদেশি লিবীয় সীমান্ত অতিক্রম করেছেন।" বাংলাদেশিদের সরিয়ে নেওয়ার বিষয়টি তদারক করতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে বেশ কয়েকজন কর্মকর্তাকে সীমান্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে। এছাড়া বাংলাদেশিরা যাতে পাসপোর্ট ও ভিসার মতো প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মিশর ও তিউনিসিয়ায় আশ্রয় নিতে পারেন, সে জন্য দেশদুটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। সচিব ড. জাফর আহমেদ খান বলেন, "৮০৪ জন বাংলাদেশি ইতোমধ্যে লিবিয়ার বেনগাজি থেকে একটি জাহাজে চড়ে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছেন বলে খবর পেয়েছি আমরা।" শনিবার রাত (বাংলাদেশ সময়) ১১টা নাগাদ তারা গ্রিসের ক্রিটে পৌঁছাতে পারেন জানিয়ে তিনি বলেন, "দুই-এক দিনের মধ্যে আরো ৬ হাজার বাংলাদেশিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে।" অবশ্য পররাষ্ট্র সচিব বলছেন, এই মুহূর্তে লিবিয়ায় অবস্থানকারী সব বাংলদেশিকে ফিরিয়ে আনার প্রয়োজন আছে বলে সরকার মনে করে না। তিনি বলেন, "সব বাংলাদেশিকে ফিরিয়ে আনতে হলে বেশ কিছু লজিস্টিক্যাল সাপোর্ট দরকার যা এই মুহূর্তে বাংলাদেশের নেই। তাছাড়া লিবিয়ার বেনগাজীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো।" তবে প্রয়োজন হলে সরকার পশ্চিম আফ্রিকার এই দেশটি থেকে সব বাংলাদেশিকেই ফিরিয়ে আনার ব্যবস্থা করবে বলে মন্তব্য করেন মিজরুল কায়েস। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছে প্রায় তিন হাজার বাংলাদেশি। অবশ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হিসাবে, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার। প্রবাসী কল্যাণ সচিব ব্রিফিংয়ে জানান, লিবিয়ায় বাংলাদেশিরা কাজ করেন এমন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কোম্পানিগুলো আশ্বাস দিয়েছে, কর্মীদের নিরাপদে সরিয়ে নিতে প্রয়োজনীয় সবকিছুই তারা করবে। তিনি জানান, ৪২০ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে সরিয়ে নিতে মালয়েশিয়ার একটি কোম্পানি ইতোমধ্যে একটি উড়োজাহাজ ভাড়া করেছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার কোম্পানি দাইউ দেড় হাজার এবং দং আহ ১২০০ বাংলাদেশিকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। "সড়ক, আকাশ বা নৌপথ- যেভাবে সুবিধা হয়, সেভাবেই তারা কর্মীদের সরিয়ে নেবে।" জাফর আহমেদ বলেন, লিবিয়া থেকে যাওয়া বাংলাদেশিদের জন্য খাবার, আশ্রয়সহ অন্যান্য ব্যবস্থা করতে মিশরসহ আশেপাশের কয়েকটি দেশের বাংলাদেশ দূতাবাসকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাসগুলোকে বলা হয়েছে, এ জন্য যতো টাকা লাগে সরকার তা দেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২১১০ ঘ.