ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোার ডটকম)- বড় পুকুরিয়ায় ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা আহরণ এবং সেখানে ভূমি অধিগ্রহণ না করাসহ সাতটি দাবিতে আগামী ৫ মার্চ সারাদেশে বিক্ষোভ করবে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ নাগরিক কমিটির কর্মসূচি ঘোষণা করা হয়।
কমিটির নেতারা কয়লা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে একটি জাতীয় সংস্থা গঠনের দাবিও জানানো হয়।
মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশের জ্বালানি সম্পদ নিয়ে সংসদীয় কমিটির কার্যক্রমের সমালোচনা করা হয়।
তাদের দাবির মধ্যে রয়েছে- বড়পুকুরিয়ায় ভূমি অধিগ্রহণ এবং উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পরিকল্পনা বন্ধ, খনির কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ প্রদান, স্থানীয় আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, জাতীয় সম্পদের ওপর শতভাগ মালিকানা নিশ্চিত, কয়লা রপ্তানি নিষিদ্ধ করা ইত্যাদি।
এ সব দাবিতে ৫ মার্চ দেশব্যাপী বিক্ষোভ হবে। এরপর ৭ মার্চ ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভের কর্মসূচিও দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ছিলেন কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মাদ শহীদুল্লাহ, সদস্য সচিব আনু মুহাম্মাদ, বিচারপতি গোলাম রাব্বানী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এমআই/১৫০০ ঘ.
bdnews24