ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তার স্বার্থে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা যাতে প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ভিসা) ছাড়াই মিশরে প্রবেশ করতে পারেন, সে বিষয়ে মিশর সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে সেখনকার বাংলাদেশ বাংলাদেশ দূতাবাস।
এছাড়া বাংলাদেশি কর্মীদের আশ্রয় দিতে তিউনিসিয়া সরকারের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
মিশরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান শুক্রবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মিশরের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। আশা করছি, শিগগিরই অনুমোদন মিলবে।
"শুক্র ও শনিবার মিশরে সাপ্তাহিক ছুটি। তারপরও আশা করছি, সপ্তাহের শুরুতেই আমরা ইতিবাচক ফল পাবো।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লিবিয়ায় বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি কর্মী রয়েছেন। এর মধ্যে শুধু বেনগাজিতেই রয়েছেন প্রায় তিন হাজার বাংলাদেশি।
অবশ্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, লিবিয়ায় বাংলাদেশি কর্মীর সংখ্যা প্রায় ৮৯ হাজার।
গত সপ্তাহে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর শতাধিক বাংলাদেশিসহ চারশরও বেশি বিদেশি শ্রমিক বেনগাজিতে আটকা পড়েন। বৃহস্পতিবার লিবীয় সেনাবাহিনী তাদের মিশর সীমান্তের কাছে সরিয়ে নিতে অভিযান শুরু করে।
বর্তমানে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক মিশরে ঢোকার জন্য বেনগাজি সীমান্তে অপেক্ষা করছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান।
শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিউনিসিয়া ও মিশর সীমান্তে অস্থায়ীভাবে বাংলাদেশি কর্মীদের আশ্রয় দিতে দেশদুটির সঙ্গে আলোচনা করা হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু সংখ্যক বাংলাদেশি লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে আশ্রয় নিয়েছেন। এছাড়া মিশর ও তিউনিসিয়া সীমান্তের দিকে এগোচ্ছে কয়েকশ বাংলাদেশি শ্রমিক। কায়রোতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস মিসর ও দেশ দুটির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।
লিবিয়া সীমান্তে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ক্যাম্প স্থাপন করেছে বলেও এতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২২০৬ ঘ.
bdnews24