গাইবান্ধা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
শুক্রবার পূর্ব ছাপড়হাটি গ্রামে সংঘর্ষ চলাকালে হামলাকারীদের দেওয়া আগুনে দু'টি বসত ঘর পুড়ে যায়।
আহতদের মধ্যে সুবোধ চন্দ্র (৩৫), অনন্ত কুমার (৩০), নারায়ণ চন্দ্র (১১), স্বাধীন (২৫), জগদীস দাস (২৮) ও শুসানা রাণীকে (২৫) গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সুন্দরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে ওই গ্রামের সুবোধ চন্দ্রের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের মাধব চন্দ্র মাষ্টারের বিরোধ চলে আসছিল।
এর জেরে দুপুর ১২টার দিকে মাধব চন্দ্র মাষ্টার ও তার লোকজন সুবোধের দখলে থাকা জমি, বাঁশ-ঝাড় ও বসতভিটা দখল করতে গেলে সংঘর্ষ বাধে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.
bdnews24