২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপিডিএফের সঙ্গে জঙ্গি গোষ্ঠী সম্পৃক্ত: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, শাসকগোষ্ঠী ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সৃষ্টি করেছে। তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন তারা চায় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, শাসকগোষ্ঠী ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সৃষ্টি করেছে। তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন তারা চায় না। শুক্রবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাহাড়ি ছাত্র পরিষদ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকারের একটি বিশেষ মহলের ইন্ধনে পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ইউপিডিএফ শতাধিক পাহাড়ি মানুষকে হত্যা করেছে। আর এই সংগঠনকে সরকার বিভিন্ন সময়ে লালন করেছে। চবি পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অভিলাষ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীণ বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আলাউদ্দিন, ইতিহাস বিভাগের শিক্ষক আনন্দ চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক নিটোল চাকমা প্রমুখ। সন্তু লারমা বলেন, 'পার্বত্য অঞ্চলের শাসন কারা করছে, আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বলতে পারবেন না। কারণ, সেখানে সেনা ও সরকারের কিছু কর্মকর্তা নিজেদের ইচ্ছামাফিক পাহাড়িদের শাসন করছে।' চবি উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিন বলেন, আমার অধিকার আমারই আদায় করতে হবে, আর এজন্য সততা, নিষ্ঠাবান ও সংগ্রাম করে যেতে হবে। অনুষ্ঠানে চবি'র পক্ষ থেকে সন্তু লারমাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নেন মো. আলাউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/কেএমএস/২০০৩ ঘ.