নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা লোকজন নিয়ে একটি বাড়িতে হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় তারা ওই বাড়িতে ভাংচুর ও লুটপাট চলায়। হামলায় আহত হন মহিলাসহ অন্তত ১০ জন। তাদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্তরা থানায় গেলে পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করা হয়।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া মজিববাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মজিববাগ এলাকার প্রয়াত আমির হোসেনের ছেলে মানিক মিয়া অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা পৈতৃক সম্পত্তিতে বসবাস করে আসছেন।
শুক্রবার দুপুরে ওই জমি ক্রয়সূত্রে মালিকানা দাবি করে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন আলীর নেতৃত্বে ২৫/৩০ জন লোক তাদের বাড়িতে হামলা চালায়।
তারা ছয়টি ঘরের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ভাংচুর ও লুটপাট করে। বাধা দিলে পরিবারের সদস্যদের উপরও হামলা চালায়।
আহতরা হলেন- তিনি নিজে (মানিক মিয়া), তার বোন আমিরুন নেছা (৩০), জামিরুন (২৮), রুবিনা (২৬), লায়লা (২৪), ভানু (২২), বড়ভাই রবিউলের স্ত্রী মুন্নী (৩০), রবিউলের শ্যালিকা মিতু আক্তারসহ (১৯) অন্তত ১০ জন।
মানিক মিয়া আরো বলেন, এ ঘটনায় রবিউলের স্ত্রী মুন্নী থানায় গেলে পুলিশ মামলা নেয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম বলেন, "ভাংচুর ও জমি দখলের বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।"
এ ব্যাপারে কেউ মামলা করতে আসেনি বলে তিনি জানান।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ক্রয়সূত্রে সিএস ও এসএ ১২৪১ নম্বর দাগের সাড়ে ১৭ শতাংশ জমির মালিক আমি। ওই জায়গায় প্রয়াত আমির হোসেনের পরিবার ঘর তুলে বসবাস করে আসছিল। এ নিয়ে কয়েকবার শালিস বৈঠক হলেও তারা জমি ছেড়ে দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৫ ঘ.
bdnews24