২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতিত শিশু গৃহকর্মীর মৃত্যু হাসপাতালে

শরীরে জখম ও আগুনের ছ্যাঁকার দাগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক শিশু গৃহকর্মী মারা গেছে। তাকে ভর্তি করানো গৃহকর্তা-বাবা-মা ভূয়া বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 02:16 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীরে জখম ও আগুনের ছ্যাঁকার দাগ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক শিশু গৃহকর্মী মারা গেছে। তাকে ভর্তি করানো গৃহকর্তা-বাবা-মা ভূয়া বলে জানিয়েছে পুলিশ। বাবা-মাসহ গৃহকর্তার ভূয়া পরিচয় ও মিথ্যা ঠিকানা দিয়ে বুধবার রাত ১টার দিকে আখলিমা আক্তার স্বপ্নাকে নামের ১০ বছর বয়সী শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়। এ ঘটনায় ভূয়া গৃহকর্তা ও বাবা-মাকে ছেড়ে দিয়ে বিপাকে পড়েছে পুলিশ। পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে রশিদ ওরফে রনি নামের এক ব্যক্তি নিজেকে গৃহকর্তা পরিচয় দিয়ে আখলিমা আক্তার স্বপ্নাকে (১০) ঢামেক হাসপাতালের ৩৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করান। তার সঙ্গে স্বপ্নার বাবা-মা পরিচয়ে আরো দুজন ছিলো। রশিদ নিজের ঠিকানা হিসাবে উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাড়ির নম্বর ব্যবহার করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রশিদ রাতে স্বপ্নার বাবা-মা পরিচয়ে দুজনকে হাজির করান। ক্যাজুয়ালটি বিভাগের চিকিৎসক ডা. খালেদ রহমান লক্ষ্য করেন রোগীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ও আগুনের ছ্যাঁকা রয়েছে। তিনি বিষয়টি ঢামেক ফাঁড়ি পুলিশকে জানান। পুলিশ এসে রশিদ এবং ওই দুজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।" এ সময় স্বপ্নার কথিত বাবা-মা পুলিশকে বলেন, স্বপ্না তাদের মেয়ে। ৪/৫ মাস ধরে এই বাসায় কাজে দিয়েছেন। তারা দুজনেই আগে মেয়ের চিকিৎসা করার কথা বলে গৃহকর্তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। পুলিশ তাদের তিনজনকেই ছেড়ে দেয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় স্বপ্না। এরপর থেকে সেই কথিত বাবা-মাকে পাওয়া যাচ্ছে না বলে এসআই মোজাম্মেল জানান। তিনি বলেন, রশিদের দেওয়া ঠিকানায় পুলিশ পাঠিয়ে এই নামে কাউকে পাওয়া যাচ্ছে না। মেয়েটির নামও ভূয়া হতে পারে। শিশুটির লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/কেএমএস/১৯৫৮ ঘ.