২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চরমপন্থীসহ' ৩ জেলায় তিন খুন

নওগাঁ, রাজশাহী ও পাবনায় তিনজন খুন হয়েছে। এর মধ্যে নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ী, রাজশাহীর গোদাগাড়ীতে কৃষক ও পাবনা সদরে এক 'চরমপন্থী' খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম) - নওগাঁ, রাজশাহী ও পাবনায় তিনজন খুন হয়েছে। এর মধ্যে নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ী, রাজশাহীর গোদাগাড়ীতে কৃষক ও পাবনা সদরে এক 'চরমপন্থী' খুন হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার এসব হত্যাকাণ্ড হয় বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- নওগাঁ: মহাদেবপুর উপজেলায় দুর্বৃত্তের হামলায় এক ধান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। বুধবার রাত ৯টার দিকে মাতাজি-বদলগাছি সড়কের পয়নারীতে এ ঘটনা ঘটে। নিহত মোজাফফর হোসেন মিলন (৩৫) বদলগাছি উপজেলার চাকরাইলের বাসিন্দা। মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিলন ও রাজ্জাক রাত সাড়ে ৯টার দিকে মটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদের আটকায়। পরে তারা মিলনকে শ্বাসরোধ করে হত্যা করে। রাজ্জাককে মারধর করে মটরসাইকেল ও মোবাইল ফোন সেট নিয়ে পালিয়ে যায়। পুলিশ রাত ১২টার দিকে হতাহতদের বদলগাছি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। মোজাফফরের লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। রাজশাহী: গোদাগাড়ী উপজেলার নোন্দাপুর গ্রামে সেচ দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আক্কাস আলী (৩০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। আক্কাস উপজেলার চাতরা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা সাংবাদিকদের জানান, আক্কাসের বড় ভাই মাহাতাব আলী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের একটি গভীর নলকূপের অপারেটর। ওই নলকূপ থেকে সেচ দেওয়াকে কেন্দ্র করে বুধবার বিকালে চাতরা গ্রামের এক কৃষকের সঙ্গে তাদের মারামারি হয়। এক পর্যায়ে আক্কাস গুরুতর জখম হলে তাকে সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গোদাগাড়ী থানার ওসি জাকিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পাবনা: সদর উপজেলায় এক চরমপন্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত আব্দুল আজিজ প্রামণিকের (৩২) লাশ বৃহস্পতিবার সকালে খয়েরসূতি গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। আজিজ আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। সদর থানার ওসি মোহাম্মদ হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজিজ পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অভ্যন্তরীণ কোন্দলে তিনি নিহত হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/সিএস/এমএসবি/১৮৪৪ ঘ.