নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আগুন লেগে ৩৪টি বসতঘর, তিনটি গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে দমকল কর্মকর্তারা ধারণা করছেন।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে মাসদাইরে একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই তা আশেপাশের দোকান ও ঘরবাড়িগুলোতে ছড়িয়ে যায়।
নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আহসানুল কবির সাংবাদিকদের জানান, খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। তার এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। তবে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।
বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৫৪ ঘ.
bdnews24