২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ নদী খননের পরিকল্পনা

নদীর নাব্যতা বৃদ্ধি এবং মৃতপ্রায় নদীগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে দুটি পর্যায়ে ৩৬টি নদী খননের প্রস্তাব শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উপস্থাপন করা হচ্ছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নদীর নাব্যতা বৃদ্ধি এবং মৃতপ্রায় নদীগুলোতে প্রাণ ফিরিয়ে আনতে দুটি পর্যায়ে ৩৬টি নদী খননের প্রস্তাব শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) উপস্থাপন করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান। শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরাম 'বাংলাদেশের নৌ-পথ : নিরাপত্তা ও নাব্যতা সঙ্কট নিরসনে করণীয়' শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। শাজাহান খান জানান, দেশে এক সময় ২৪ হাজার কিলোমিটার নৌপথ ছিল। অবহেলার কারণে নৌপথ ছয় হাজার কিলোমিটারের নিচে নেমে এসেছে। বর্ষা মৌসুমে ছয় হাজার কিলোমিটার নৌপথ থাকলেও শুষ্ক মৌসুমে এর দৈর্ঘ্য দাঁড়ায় মাত্র তিন হাজার ৬৫ কিলোমিটার। নদী খননের জন্য কমপক্ষে ৫০টি ড্রেজার প্রয়োজন- এ তথ্য জানিয়ে তিনি বলেন, "সব সরকার নৌপথ রক্ষার কথা বললেও কেউ নদী খননের জন্য ড্রেজার কেনার উদ্যোগ নেয়নি। এতোদিন '৭৫ পূর্ববর্তী সময়ের ড্রেজার দিয়ে কাজ চালানো হয়েছে, যার দুটি বিকল রয়েছে। এরই মধ্যে সরকার তিনটি ড্রেজার কিনেছে। আগামী মাসের মধ্যেই এসব ড্রেজার দেশে এসে পৌঁছবে। এ ছাড়া বেসরকারি উদ্যোগে ১১টি ড্রেজার এসেছে।" "সরকার নয় বছরের জন্য ১১ হাজার ৪৭০ কোটি টাকা ব্যয়ে ব্যাপকভাবে নদী খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। এর মাধ্যমে দেশের ৫৩টি নদী খননের কাজ করা হবে", বলেন শাজাহান। বুড়িগঙ্গার তলদেশ থেকে বর্জ্য তোলা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। তবে পরিবেশগত সমস্যার কারণে বর্তমানে চিন্তা-ভাবনা করে কাজটি করা হচ্ছে।" জাহাজভাঙা শিল্প বিষয়ে মন্ত্রী বলেন, এ শিল্পের কারণে নির্মাণ শিল্প ভাল অবস্থায় রয়েছে। তবে এর কর্মীদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম ও মংলা বন্দরের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি আনিসুর রহমান খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সবুজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/কেএমএস/১৬৫১ ঘ.