প্রদীপ চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার পূর্বাঞ্চলে জিম্মি বাংলাদেশিসহ বিদেশিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে সে দেশের সেনাবাহিনী। প্রায় দেড়শ জনকে উদ্ধারের পর মিশর সীমান্তে নিয়ে যাওয়া হয়েছে, এর মধ্যে ১৭ জন বাংলাদেশি রয়েছেন।
সংঘাতময় বেনগাজির কাছের শহর দারনা সিটিতে আটকে পড়া বাংলাদেশিদের এক জন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
শফিউদ্দিন বিশ্বাস নামে ওই ব্যক্তি বৃহস্পতিবার সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো রকমের সংঘর্ষ ছাড়াই বুধবার রাতে লিবিয়ার সেনাবাহিনীর পাহারায় আমাদের উদ্ধারের পর মিশর সীমান্তে নিয়ে আসা হয়েছে।"
শফিউদ্দিনসহ প্রায় দেড়শ বিদেশিকে সেনাবাহিনী উদ্ধার করেছে, এর মধ্যে ১৭ জন বাংলাদেশি।
শফিউদ্দিন বলেন, "সেনাবাহিনীর দুটি গাড়িতে করে আমাদের নিয়ে আসা হয়েছে। বাকিরা বর্তমানে কী অবস্থায় আছে তা জানি না। আমাদের আনার পর সম্ভবত বাকিদেরও নিজ নিজ কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে।"
অস্থির লিবিয়ায় গত শুক্রবার সরকারবিরোধী বিক্ষোভকারীরা শতাধিক বাংলাদেশিসহ প্রায় তিনশ বিদেশিকে জিম্মি করে।
শফিউদ্দিন জানান, তাদের মিশরে নিয়ে প্লেনে তুলে দেওয়া হবে। তবে তাদের সবার পাসপোর্ট নিয়োগদাতা কোম্পানির কাছে জমা দেওয়া আছে।
তিনি বলেন, "কোম্পানির কর্মকর্তারা বলেছে, দুপুরের মধ্যে পাসপোর্ট দেওয়া হবে।"
লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত ১৬ ফেব্র"য়ারি থেকে উত্তাল উত্তর আফ্রিকার আরব দেশটি। আর এই ডামাডোলের মধ্যে বেনগাজি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার পূর্বে দারনা সিটিতে কয়েকদিন ধরে আটকা ছিলেন এ সব বাংলাদেশি।
লিবিয়ায় আটকে পড়াদের উদ্ধারের জন্য প্রচেষ্টা নেওয়ার কথা সরকার জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ইতোপূর্বে বলেছেন, সেখানে পরিস্থিতি বেশি খারাপ হলে সব বাংলাদেশিকে নিয়ে আসা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১২৩৫ ঘ.
bdnews24