ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অংশিদারিত্বের গণতন্ত্র ও দায়বদ্ধ শাসন ব্যবস্থা কার্যকর করতে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সব প্রাতিষ্ঠানিক কাঠামোতে জন অংশগ্রহণের বিধান প্রণয়নসহ ১০ দফা সুপারিশ করা হয়েছে।
বুধবার মহানগরীর এলজিইডি ভবন মিলনায়তনে আয়োজিত এক জাতীয় নাগরিক সম্মেলন থেকে এ সুপারিশ করা হয়।
'অংশীদারিত্বের গণতন্ত্র ও দায়বদ্ধ শাসন ব্যবস্থা কার্যকর করার দাবিতে জাতীয় সম্মেলন' শীর্ষক এ নাগরিক সম্মেলনের আয়োজন করে বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন, গভার্নেন্স কোয়ালিশন ও লোকমোর্চা।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান জানান, গণতন্ত্র বলতে শাসন ব্যবস্থায় অংশীদারিত্ব ও দায়বদ্ধতাকেই বোঝায়। আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মধ্যেই এগুলো ছিল।
"মানবিক মর্যাদাসম্পন্ন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হলে আজকের উত্থাপিত দাবিগুলো বাস্তবায়ন করতেই হবে। অধিকার আদায়ে প্রয়োজনে গণজাগরণ সৃষ্টি করতে হবে," বলেন তিনি।
গভার্নেন্স এডভোকেসি ফোরামের চেয়ারপার্সন ও পিকেএসএফ-এর চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, "সকল নাগরিককে মানব মর্যাদায় প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের আজকের এসব দাবি। সেজন্য মূল প্রতিবন্ধকতা দারিদ্র্য দুর করার জন্য দূর করতে হবে বৈষম্য। সেজন্য আমাদেরকে সংগঠিত হতে হবে।"
ইউএনডিপি'এর স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, "সুশাসন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হলে সরকার, সংসদসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ, জবাবদিহি ও কার্যকরী করার পদক্ষেপ নিতে হবে।"
দিনব্যাপী এ জাতীয় নাগরিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও গভার্নেন্স কোয়ালিশনের সমন্বয়কারী মহসিন আলী। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, গভার্নেন্স কোয়ালিশন প্রতিনিধি মমতাজ বেগম ও লোকমোর্চা প্রতিনিধি এম হাবিবুল হাসান বক্তব্য রাখেন।
বিষয়ভিত্তিক আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী।
সমাপনী অধিবেশনে লোকমোর্চা ও গভার্নেন্স কোয়ালিশনের কর্মসূচি ও সাংগঠনিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে লোকমোর্চা ও গভার্নেন্স কোয়ালিশন প্রতিনিধিসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় পাঁচ শতাধিক নাগরিক অংশগ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২২৫ ঘ.
bdnews24