২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয়দিনের শিশু খুন, বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাবার বটির আঘাতে মারা গেছে ছয়দিন বয়সী এক শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 04:06 PM

Updated : 24 Aug 2022, 02:34 PM

নারায়ণগঞ্জ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বাবার বটির আঘাতে মারা গেছে ছয়দিন বয়সী এক শিশু। ঘটনার পর স্থানীয়রা নাসির মিয়া নামের এই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে কাঁচপুর এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে। গ্রেপ্তারকৃত নাসির পেশায় সবজি বিক্রেতা। এলাকাবাসী ও পুলিশ জানায়, কাঁচপুর এলাকার রশিদ ফকিরের ভাড়াটিয়া নাসিরের সঙ্গে পারভীনের বিয়ে হয়। ছয়দিন আগে পারভীন সন্তান প্রসব করেন। এর আগে পারভীনের আরো দুটি বিয়ে হয়। তার আগের পক্ষের আকাশ নামের সাড়ে চার বছর বয়সের একটি ছেলে রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পারভীনের সঙ্গে নাসিরের ঝগড়া হয়। এক পর্যায়ে নাসির বটি দিয়ে স্ত্রী পারভীনকে আঘাত করেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে কোলে থাকা শিশুর মাথায় লাগে এই আঘাত। এতে শিশুটি মারা যায়। পারভীনের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে নাসিরকে আটক করে পুলিশে দেয়। সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৩ ঘ.