লালমনিরহাট, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাঁটাতারের বেড়া কাটার সময় লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি ছুড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ঘটনাস্থল থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দলের সদস্যরা চোরাকারবারী সন্দেহে একজনকে আটক করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নম্বর মেইন পিলারের ৬ নম্বর সাব পিলারের কাছে কয়েকজন চোরাকারবারী সীমান্তের কাঁটাতারের বেড়া কাটছিল।
ওই সময় বিএসএফ জলপাইগুড়ি ব্যাটালিয়নের নঙ্গলবাড়ী ক্যাম্পের সদস্যরা পরপর ১৩/১৪ রাউন্ড গুলি ছোড়ে।
গুলির শব্দে বিজিবি'র টহল দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি মোটরসাইকেল ও তারের বেড়া কাটার বিশেষ সাঁড়াশিসহ নবীর হোসেন (২৬) নামের একজনকে আটক করে। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নবীর হোসেন পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের মাহবুবার রহমানের ছেলে।
বিজিবি রংপুর ৩৪ ব্যাটালিয়নের বাউরা কোম্পানি কমান্ডার ওয়াজ কুরুনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক মুরশিদুল করিম ইসতেশাম বলেন, আটক তরুণের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৭ ঘ.
bdnews24