ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই জেলায় হত্যা, অপহরণ ও ধর্ষণের অভিযোগে পাঁচজনের বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে।
এর মধ্যে পটুয়াখালীতে চারজনের যাবজ্জীবন এবং মাদারীপুরে একজনের যাবজ্জীবন, ১৪ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা হয়।
বরিশাল প্রতিনিধি জানান, পটুয়াখালীর একটি হত্যা মামলায় তিন সহোদরসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।
এছাড়া প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে কারাভোগ করতে হবে।
বুধবার বরিশাল বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাকাম আনিচুর রহমান খান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে খালাস দেওয়া হয়।
দণ্ডিতরা হলেন- পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ চরবিশ্বাস এলাকার ইসহাক আকন এবং তিন সহোদর অসীম আকন, জসিম আকন ও জয়নাল আকন।
খালাস পেয়েছেন- হাফেজ, মিজানুর রহমান, মহসিন, দেলোয়ার হোসেন, আইজউদ্দিন, ইউসুফ আলী আকন, মাইনুদ্দিন আকন, শাহিন, হাসান, তহসিন, ইয়াজুল, সরোয়ার ও মাসেদা বেগম।
মামলার বরাত দিয়ে বিশেষ পিপি লস্কর নূরুল হক বলেন, ২০০৭ সালের ২৬ ডিসেম্বর জমিতে ধান কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে দক্ষিণ চরবিশ্বাস এলাকার মান্নান হাওলাদারের ছেলে ফরিদউদ্দিনকে (১৮) কুপিয়ে হত্যা করে আসামিরা।
ওই দিনই মান্নান আকন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে গলাচিপা থানায় হত্যা মামলা দায়ের করেন।
২০০৮ সালের ২২ ফেব্র"য়ারি অতিরিক্ত দু'জনসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অতিরিক্ত দু'জন হলেন- সরোয়ার ও মাসেদা বেগম।
এ মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।
মাদারীপুর প্রতিনিধি জানান, একটি মামলায় ধর্ষণ ও অপহরণের পৃথক অভিযোগে একজনের যাবজ্জীবন এবং ১৪ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে মাদারীপুরের একটি আদালত।
জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমান বুধবার এ রায় দেন।
দণ্ডিত সমশের হোসেন (৪০) ঢাকা মহানগরীর লালবাগ এলাকার ইউসুফ আহম্মেদ মিয়ার ছেলে।
মাদারীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর সুজিত চাটার্জী বাপ্পী মামলার বরাত দিয়ে জানান, সদর উপজেলার চরগোবিন্দপুর গ্রামের একটি মেয়েকে ২০০৮ সালের ৫ জুন সমশের হোসেন অপহরণ করে।
প্রায় দেড় মাস পর লালবাগ এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
এরপর মেয়েটির বাবা মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে অপহরণের পর ধর্ষণের অভিযোগে একটি মামলা (নম্বর-২৫৫/০৮) দায়ের করেন।
আদালত ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন এবং অপহারণের অভিযোগে ১৪ বছর কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করে। আসামী সমশের হোসেন ঢাকার লালবাগ এলাকার ইউসুব আহম্মেদ মিয়ার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24