ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ, যশোর, ফরিদপুর ও গাইবান্ধায় বুধবার সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা গেছে।
এর মধ্যে মানিকগঞ্জে বাস চাপায় টেম্পো চালক, যশোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী এবং গাইবান্ধায় এক শিশু নিহত হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাস ও টেম্পোর সংঘর্ষে দুজন মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের ধলেশ্বরী ফিলিং স্টেশনের সামনে সকাল সাড়ে ৯টায় বাস চাপায় এক টেম্পো চালক নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জাহাঙ্গীর হোসেন ওরফে হারান মিয়া (৩৮) সদর উপজেলার পালড়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর টেম্পো শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ১৫ মিনিট অবরোধ করে রাখে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের মিয়া সাংবাদিকদের জানান, হারান ধলেশ্বরী ফিলিং স্টেশন থেকে গ্যাস ভরে ঢাকা আরিচা-মহাসড়ক পার হচ্ছিলো। এ সময় ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি বাস টেম্পোটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে হারান ছিটকে রাস্তার ওপর পড়লে বাসটি তাকে চাপা দেয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
ওসি জানান, দুর্ঘটনার পর দুপুর ১২টার দিকে টেম্পো শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ১৫ মিনিট অবরোধ করে রাখে। পরে পুলিশের সহায়তায় ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
যশোর: যশোর-মাগুরা সড়কে ভোর ৫টার দিকে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত আটজন।
নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার দূর্গাপুর গ্রামের মাজেদ (৪৫) ও একই এলাকার ইসহক আলী (৪৪)।
আহতরা হলেন- সালাম, সুমন, মজিদ, মুছা, ইউসুফ, কামাল, মৃধা ও নুর ইসলাম। তাদেরকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি ফরিদপুর সদর উপজেলার দূর্গাপুর গ্রামে।
যশোর কোতয়ালি থানার ওসি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, ফরিদপুর থেকে খুলনাগামী একটি পেঁয়াজ বোঝাই ট্রাকের সঙ্গে খাজুরা পুলিশ ক্যাম্পের কাছে বিপরীতমুখী অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে পেঁয়াজ বোঝাই ট্রাকে থাকা ব্যবসায়ী মাজেদ ও ইসহক ঘটনাস্থলে মারা যায়।
গাইবন্ধা: বেলা সাড়ে ১১টার দিকে জেলার ফুলছড়ি উপজেলার হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় জবা রানী দাস (১১) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
ফুলছড়ি থানার ওসি মো. আব্বাস উদ্দিন সাংবাদিকদের জানান, জবা খোলা বাজারের চাল কিনতে বাজারে যাচ্ছিলো। রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি তাকে ধাক্কা দেয়।
গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেওয়ার সময় পথে জবা মারা যায় বলে ওসি জানান।
তিনি জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় থানায় কোনো মামলা হয়নি।
ফরিদপুর: বিকাল সাড়ে ৫টার দিকে ভাঙ্গা উপজেলার সদরপুর-পুকুরিয়া আঞ্চলিক সড়কে বাস ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে টেম্পোর ছয় যাত্রী আহত হয়।
তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান দুজনের মৃত্যু হয়েছে।
এদের পরিচয় জানা যায়নি।
ভাঙ্গা থানার ওসি দাদন ফকির সাংবাদিকদের জানান, ফরিদপুর থেকে সদরপুরগামী সোনার তরী পরিবহনের একটি বাস চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীত দিক থেকে আসা টেম্পোর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/সিএস/এমএসবি/২১১৯ ঘ.
bdnews24