২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বন্দুকযুদ্ধে' জলদস্যু সর্দার নিহত

পিরোজপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুন্দরবন এলাকার একটি জলদস্যু দলের সর্দার নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

পিরোজপুর, ফেব্রুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুন্দরবন এলাকার একটি জলদস্যু দলের সর্দার নিহত হয়েছেন। র‌্যাব বলেছে, নিহত মোতালেব (৪০) জলদস্যু মোতালেব বাহিনীর প্রধান। তার বাড়ি বাগেরহাটের মংলা উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় মাছ ধরা ট্রলারে ডাকাতি, জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন। বুধবার ভোর রাতে পিরোজপুর টগরা ফেরিঘাটের পাশের এলাকায় জলদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে দুটি দোনলা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বরিশাল র‌্যাব-৮ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মুনিরুল হক সাংবাদিকদের জানান, মোতালেব ও তার বাহিনীর লোকজনকে ধরার জন্য মঙ্গলবার রাতে পিরোজপুরে অভিযান চালায় খুলনা র‌্যাব-৬ এর একটি দল। মোতালেব তার সহযোগিদের নিয়ে টগরা ফেরিঘাটের পাশের এলাকায় আত্মগোপন করে। ভোররাত সাড়ে ৪টার দিকে র‌্যাব সদস্যরা তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর গুলি চালায়। মোতালেব বাহিনীও পাল্টা গুলি চালায়। এ সময় র‌্যাবের গুলিতে মোতালেব আহত হন। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। ভোর ৫টার দিকে মোতালেবকে সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পিরোজপুরের পাড়েরহাট বন্দর মৎস্য সমিতির নেতা সেলিম খান সাংবাদিকদের জানান, মোতালেব অনেকবার তাদের মাছ ধরার নৌকা ও জেলেদের জিম্মি করে রেখে চাঁদা নিয়েছে। তার কাছে জিম্মি মাঝি লাল মিয়া ও কবির মাঝিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এদিক পাড়েরহাটের জেলে শাহিন জানান, মোতালেবকে ৬০ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরও অপহৃত এক জেলেকে ফেরত পায়নি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭২৮ ঘ.