২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বুধবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আজিজুল হক (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 07:36 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঝিনাইদহ, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বুধবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আজিজুল হক (২৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায়, নিহত আজিজুল চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) শীর্ষ পর্যায়ের নেতা। আলমডাঙ্গা উপজেলার খাস কয়রা গ্রামের ঈদগাহ মাঠে রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাস কয়রা গ্রামের ঈদগাহ মাঠে চরমপন্থীরা গোপন বৈঠক করছে খবর পেয়ে রাত পৌনে ৩টার দিকে আলমডাঙ্গা থানার একদল পুলিশ সেখানে অভিযান চালায়। "পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে ১৫-২০ মিনিট বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আজিজুলকে উদ্ধার করে পুলিশ।" আজিজুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ কর্মকর্তা নজরুল আরো জানান, ঘটনাস্থল থেকে একটি শাটারগান, সাত রাউন্ড বন্দুকের গুলি ও একটি ছোরা উদ্ধার করা হয়। নিহত আজিজুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহসান নগর গ্রামের আব্দুল গনি মণ্ডলের ছেলে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে চারটিসহ আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.