২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিলেন চার বিচারপতি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন। এ নিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো আট জন, যার মধ্যে একজন নারী। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2011, 05:30 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন। এ নিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো আট জন, যার মধ্যে একজন নারী। বুধবার সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তাদের শপথবাক্য পাঠ করান। নতুন বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মো. ইমান আলী। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিচারপতি হিসাবে তাদের নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। বিচারপতি নাজমুন আরা সুলতানা আপিল বিভাগে প্রথম নারী বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন। জেলা বিচারক ও হাইকোর্ট বিভাগেও তিনিই প্রথম নারী বিচারক ছিলেন। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের অধিকাংশ বিচারপতি উপস্থিত ছিলেন। পরে নতুন নিয়োগ পাওয়া চার বিচারপতিকে সংবর্ধনা দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। প্রধান বিচারপতির উপস্থিতিতে সংবর্ধনা অনুষ্ঠানে চার বিচারপতির প্রত্যেকের নামে আলাদা মানপত্র পাঠ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন। আপিল বিভাগের নতুন বিচারপতি ওয়াহ্হাব মিঞা অনুষ্ঠানে বলেন, "অনেক সমস্যার মাঝেও শপথের দাবি থেকে বিচ্যুত হইনি। ভবিষ্যতেও হবো না।" বিদেশি আইনজীবীদের সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হতে বাংলাদেশি আইনজীবীদের ইংরেজি ভাষায় দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান তিনি। আপিল বিভাগে প্রথম নারী বিচারক নাজমুন আরা সুলতানা বলেন, "বিচার করা অত্যন্ত কঠিন কাজ। আইনজীবীদের সহায়তা ছাড়া দলমতের ঊর্ধ্বে উঠে বিচার করা সম্ভব নয়।" বিচারপতি মাহমুদ হোসেন দায়িত্ব সঠিকভাবে পালনের প্রতিশ্র"তি দেন। তবে বিচারপতি ইমান আলী কিছু ঘটনা নিয়ে অনুযোগ প্রকাশ করেন। তিনি বলেন, "গত এক বছর আমার অনেক কষ্টে কেটেছে। আইনজীবীরা কোর্টকে চ্যালেঞ্জ করার মতো ঘটনাও ঘটিয়েছে। তখন সমিতির নেতৃবৃন্দ আমার পাশে দাঁড়াননি।" "এ সময়ে জুলিয়াস সিজারের (শেকসপিয়ারের নাটক) কাহিনীর ব্র"টাসের মতো অনেক ব্র"টাসের দেখাও পেয়েছি", বলেন ইমান আলী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা চলাকালীন একটি ঘটনার দিকে ইঙ্গিত করে বিচারপতি ইমান আলীর ওই বক্তব্য বলে মনে করেন বার সভাপতি মাহবুব। তিনি বলেন, "এর চেয়েও মারাত্মক ঘটনা এই সর্বোচ্চ আদালতে ঘটেছে। সবগুলোই নিন্দনীয়। তবে এই ঘটনা এখন না বললেও পারতেন তিনি।" সংবর্ধনা অনুষ্ঠানে মাহবুব চাপমুক্ত থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিচারপতি নিয়োগ দেওয়ায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। তবে অ্যাটর্নি জেনারেল বলেন, "জ্যেষ্ঠতাই বিচারপতি নিয়োগের একমাত্র ভিত্তি হওয়া উচিত নয়। এখানে আরো অনেক কিছু দেখার প্রয়োজন রয়েছে।" তবে তার এ বক্তব্যের সমালোচনা করে আইনজীবী সমিতির সভাপতি সাংবাদিকদের বলেন, "কখনো যদি জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিয়োগ দেওয়া হয়, তবে এর সুস্পষ্ট ব্যাখ্যা জনগণকে দেওয়া উচিত।" অন্যদিকে নিজের বক্তব্যের পক্ষে ব্যাখ্যা দিয়ে মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "মেধা হল বড় ব্যাপার, এর স্বীকৃতি দিতে হবে। জ্যেষ্ঠতা দেখলে অনেক সময় মেধাবীরা বঞ্চিত হয়। হাইকোর্টের ৬০ জন বিচারপতি রয়েছে। তাদের সবাই সমান দক্ষ নয়। তাদের মধ্য থেকে মেধাবী ও দক্ষ বিচারপতিগণ ভবিষ্যতে আপিল বিভাগে নিয়োগ দেওয়া যেতে পারে।" শপথ ও সংবর্ধনা অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের পাঁচ জন বিচারপতিকে অনুষ্ঠানে দেখা যায়নি। তারা হলেন- বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, বিচারপতি এমএ হাই, বিচারপতি ফারুক আহমেদ, বিচারপতি মো. শামসুল হুদা এবং বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। তারা ছুটিতে গেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/এমআই/১৭২০ ঘ.