শরীয়তপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে কিশোরী হেনা আক্তার হত্যার ঘটনায় গ্রেপ্তার লতিফ মীর মালতকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে আদালত।
এদিকে, হেনা হত্যার আগে ও পরে কি ঘটেছিল তা তদন্তে জেলা প্রশাসনের করা কমিটি সোমবার জেলা প্রশাসকের (ডিসি) কাছে প্রতিবেদন দিয়েছে।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে পুলিশ লতিফকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজত চায়। শুনানি শেষে বিচারক মো. ফজলুর রহমান হেফাজত মঞ্জুর করেন।
লতিফ মীর মালতকে (৫৫) সোমবার ঢাকার সিদ্ধেশ্বরী এলাকার তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন সন্ধ্যায় তাকে নড়িয়া থানায় নিয়ে আসা হয়।
লতিফ হেনা হত্যা মামলা এবং অবৈধ সালিশ বৈঠক ও দোররা মারার মামলার আসামি।
নড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী কামাল সাংবাদিকদের জানান, হাইকোর্টের নির্দেশে হেনার মা আকলিমা বেগম অবৈধ সালিশ বৈঠক ও দোররা মারার অভিযোগে মামলাটি করেন।
এসআই জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে লতিফ মীর বলেছেন তারা সালিশকারক হিসেবে উপস্থিত ছিলেন। সবার সিদ্ধান্ত অনুযায়ী হেনা ও মাহবুবকে দোররা মারা হয়েছে।
তিনি আরো জানান, অন্যান্য আসামিরা কোথায় আছে সে তথ্য জানতে লতিফকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
লতিফ মীরকে হেনা হত্যা মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। এই মামলাটি তদন্ত করছে সিআইডি।
সিআইডি পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের তৃতীয় দিনে মঙ্গলবার হেনা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শিল্পী বেগম অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
তবে কী তথ্য দিয়েছেন সেটা সিআইডি কর্মকর্তা জানাননি।
শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. সানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবি আবদুল্লাহকে প্রধান করে গঠত তিন সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছেন তার কাছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চামটা ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান ঘটনা জানার পরও নড়িয়া উপজেলা আইন শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাননি। সে জন্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নিতে পারেনি।
ইউপি সদস্য শেখ ইদ্রিস হেনা হত্যা মামলাসহ দুই মামলারই আসামি।
নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের চামটা গ্রামের রবিউল খানের ছেলে মাহবুবুর রহমান খানের সঙ্গে চাচাতো বোন হেনা আক্তারের (১৪) কথিত সস্পর্কের অভিযোগে স্থানীয় মাতব্বরা সালিশে বৈঠকে দুজনকে দোররা মারা নির্দেশ দেন।
দোররা মারার পর হেনা চিকিৎসাধীন অবস্থায় ৩১ জানুয়ারি সোমবার রাতে মারা যায়।
এই ঘটনায় পুলিশ এই পর্যন্ত মাহবুবু ও তার স্ত্রী শিল্পীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮০৪ ঘ.
bdnews24