বরিশাল, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে কীর্তনখোলা নদীর ওপর নির্মিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেলে সেতু উদ্বোধনের পর তিনি সদর উপজেলার চরকাউয়া কর্ণকাঠীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী এ সেতু উদ্বোধন করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দুপুরে জানান বরিশালের জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান।
সকাল ১০টা ৫০ মিনিটে বিমান বাহিনীর দুটি বিশেষ কপ্টারে বরিশাল পৌঁছেন প্রধানমন্ত্রী। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, আ'লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমদদ, আমির হোসেন আমুসহ কয়েক জন।
বেলা ১২টার দিকে বরিশাল নগরীতে বরিশাল শিক্ষা বোর্ডের নতুন ভবন উদ্বোধন ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রী সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেরনিয়াবাত সেতুর পাদদেশে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর বরিশাল আসা উপলক্ষে বরিশাল নগরীকে বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। নির্মাণ করা হয়েছে তোরণ। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/এএল/পিডি/১৭৩৩ ঘ.
bdnews24