মাদারীপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বৌলগ্রামে এক গৃহবধূকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত পারুল বেগম (২৬) দুই সন্তানের জননী।
সোমবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এর পর থেকেই স্বামী ইমাম হোসেন পলাতক।
রাজৈর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শুক্রবার পারুলের ছোট বোন পারভীন আক্তারের বিয়ে হয়। বিয়েতে উপহার দেওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে পারুলের ঝগড়া হয়। এর জের ধরে ইমাম হোসেন পারুলকে বেদম পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের বাবা মোকছেদ হোসেন অভিযোগ করেন, স্বামী ইমাম হোসেনই পারুলকে পিটিয়ে মেরে ফেলেছে। এ ব্যাপারে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করবেন বলেও জানান তিনি।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, পুলিশ পারুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এটি হত্যাকাণ্ড কি না ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরো বলেন, এ ঘটনায় এখনো নিহতের পরিবারের কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ দায়ের করলে তা আমলে নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১১ ঘ.
bdnews24