২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হেনা হত্যা: আরেক আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের নাড়িয়ায় ফতোয়াবাজির শিকার হয়ে হেনা আক্তারের মৃত্যুর ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 03:18 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

শরীয়তপুর, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নাড়িয়ায় ফতোয়াবাজির শিকার হয়ে হেনা আক্তারের মৃত্যুর ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নড়িয়া থানার উপপরিদর্শক কাজী কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে মামলার ১১ নম্বর আসামি সালিশদার লতিফ মীর মালতকে (৫৫) ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ওসি আবুল খায়ের ফকির এই অভিযানে নেতৃত্ব দেন। দুপুরে ওই আসামিকে নড়িয়া থানায় নিয়ে আসা হয় বলে জানান তিনি। কাজী কামাল বলেন, "থানায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবার আদালতে হাজির করা হবে।" এদিকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো এ মামলার দুই নম্বর আসামি শিল্পী বেগমের জিজ্ঞাসাবাদ চলছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার অন্যতম আসামি মাহবুবের স্ত্রী শিল্পী অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে তা এখনই বলা সম্ভব না।" গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিশ বসিয়ে ফতোয়ার মাধ্যমে দোররা মারার পর ৩১ জানুয়ারি মারা যায় হেনা আক্তার (১৪)। হেনার সঙ্গে চাচাত ভাই মাহবুব হোসেনের 'পরকিয়া সম্পর্কের' অভিযোগে ওই সালিশ বসানো হয়। এরপর তার বাবা দরবেশ খাঁ নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে উচ্চ আদালতের নির্দেশে অবৈধ সালিশ ও দোররা মারার অভিযোগে নড়িয়া থানায় দ্বিতীয় মামলাটি করেন হেনার মা আকলিমা আক্তার। দুটি মামলাতেই ১৮ জনকে আসামি করা হয়। পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ মামলা দুটির তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/২১০৯ ঘ.