২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'তথ্যপ্রযুক্তি হোক ভাষা রক্ষার হাতিয়ার'

বিশ্বের বিলুপ্তপ্রায় ভাষাগুলোকে টিকিয়ে রাখা এবং চর্চার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 07:15 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

কাজী শাহরিন হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের বিলুপ্তপ্রায় ভাষাগুলোকে টিকিয়ে রাখা এবং চর্চার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা- ইউনেস্কো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার এক বিবৃতিতে সংস্থাটি এ আহ্বান জানায়। ইউনেস্কো বলছে, বর্তমানে বিশ্বে প্রায় ছয় হাজার ভাষার অর্ধেকই বিলুপ্ত হওয়ার হুমকিতে রয়েছে। মায়ের ভাষার স্বীকৃতির দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে রক্ত ঝরিয়েছিলো বাঙালিরা। ভাষার জন্য বাঙালির এই আত্মত্যাগকে স্বীকৃতি দিয়ে ১৯৯৯ সালে এ দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয় জাতিসংঘ সংস্থা ইউনেস্কো। এর পর থেকে প্রতিবছর এ দিনটি ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বহুভাষিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো- ভাষা বাঁচাতে ও ভাষা বৈচিত্র্য রক্ষা করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা মাতৃভাষা দিবস উপলক্ষে বিবৃতিতে বলেন, বোঝা, লেখা ও বাস্তবতাকে প্রকাশ করার জন্য প্রতিটি ভাষাই অনন্য। এসব ভাষার গুরুত্ব উপলব্ধি এবং ভাষা বৈচিত্র্য রক্ষার উদ্যোগের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি বলেন, "আমাদের এ বৈচিত্র্য রক্ষায় কাজ করতে হবে এবং জ্ঞান ও দর্শনের সব উৎস রক্ষায় আমাদের সক্রিয়তা বাড়াতে হবে।" দিবসটি উপলক্ষে বিলুপ্তির হুমকিতে থাকা ভাষা বিষয়ক 'অ্যাটলাস অব দি ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজেস ইন ডেঞ্জার'র সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশ করছে। এছাড়া ১৯৫০ সাল থেকে এ পর্যন্ত ভাষাভিত্তিক বিভিন্ন প্রবণতা বিষয়ক একটি গবেষণার ফলাফলও প্রকাশ হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.