২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ স্মরণে শ্রদ্ধাবনত জাতি

শ্রদ্ধা আর ভালবাসার ফুলে ভরে উঠেছে শহীদ মিনার। এ শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে যাদের রক্তে রঞ্জিত হয়েছিলো রাজপথ। আর যার পথ ধরেই অর্জিত হয় স্বাধীনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 06:06 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রদ্ধা আর ভালবাসার ফুলে ভরে উঠেছে শহীদ মিনার। এ শ্রদ্ধা ভাষা শহীদদের প্রতি, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের এই দিনে যাদের রক্তে রঞ্জিত হয়েছিলো রাজপথ। আর যার পথ ধরেই অর্জিত হয় স্বাধীনতা। মায়ের ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক পর্যায়েও। তাই ২১ ফেব্রুয়ারি দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় বিশ্বজুড়ে। এখনকার ঢাকা মেডিকেলের পাশে ১৯৫২ সালে যে স্থানটিতে শহীদ হয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার; সে স্থানেই গড়ে ওঠেছে শহীদ মিনার। স্বাধিকারের লড়াই থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন যে মিনার প্রেরণা হয়ে আছে। হামিদুর রহমানের নকশায় নির্মিত হয়েছে এটি। সোমবার প্রথম প্রহরেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার ফুল পড়ে শহীদ মিনারে। প্রথমে ফুল দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২টা ৫ মিনিটে রাষ্ট্রপতি এবং এর এক মিনিট পর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর ১২টা ৭ মিনিটে জাতীয় সংসদের পক্ষে ফুল দেন ডেপুটি স্পিকার এম শওকত আলী। সোয়া ১২টার পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ১২টা ১৯ মিনিটে শহীদ মিনারে ফুল দেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। এরপর একে একে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, কূটনৈতিক কোরের সদস্য, পরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, বাংলাদেশ পুলিশ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, সরকারি কর্মকমিশন (পিএসসি), সেক্টর কমান্ডারস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবি এলামনাই অ্যাসোসিয়েশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ভোরে শহীদ মিনারে নামে অযুত মানুষের ঢল। বিভিন্ন দল-সংগঠন শ্রদ্ধা জানাচ্ছে শহীদদের প্রতি। ফুল হাতে সাধারণ মানুষও শামিল একুশের এই মিছিলে। মানুষের সারি শহীদ মিনার থেকে পলাশী ছাড়িয়ে ইডেন কলেজের কাছাকাছি চলে এসেছে। সুশৃঙ্খলভাবে সবাই শ্রদ্ধা জানাচ্ছে ভাষা শহীদদের প্রতি। শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর এই পর্বটি নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদ মিনার সংলগ্ন কয়েকটি সড়কে গাড়ি চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঢাকার মতো সারাদেশেই নানা কর্মসূচির মধ্যে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। সকালে শহীদ মিনারে ফুল দেওয়ার পাশাপাশি বিকালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে অনেক সংগঠন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহান একুশে ফেব্র"য়ারি কেবল বাঙালির নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষার প্রতীক নয়, এটি পৃথিবীর সব নৃতাত্ত্বিক জাতি-গোষ্ঠীর ভাষা ও ঐতিহ্য রক্ষার অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে সব ভেদাভেদ ভুলে মহান একুশের চেতনায় ঐক্যবদ্ধভাবে জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। বিএনপি চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাণীতে '৫২ সালের ২১ ফেব্রুয়ারির সব শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/০৯৪৫ ঘ.