২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নকল পানি তৈরির কারখানা

নকল পানি তৈরির অভিযোগে সিরাজগঞ্জ শহরে একজনের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 05:52 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

সিরাজগঞ্জ, ফেব্রুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নকল পানি তৈরির অভিযোগে সিরাজগঞ্জ শহরে একজনের ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ফেন্সিডিল বহন এবং জুয়া খেলার অভিযোগে অপর পাঁচজনকে কারাদণ্ডও দেয় ওই আদালত। রোববার এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিসট্রেট মোহাম্মদ এনামুল আহসান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দরগা রোডের রাজ ড্রিংকিং ওয়াটার কারখানায় অনুমোদন বিহীন নকল বিশুদ্ধ পানি তৈরির কারখানার সব যন্ত্রপাতিসহ বেশকিছু পানির বোতল ও জার জব্দ করা হয়। এ কারখানার মালিক নাইহান উদ্দিনের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান চলাকালে জেলা স্বাস্থ্য পরিদর্শক রামচন্দ্র সাহা, র‌্যাব ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে রাজশাহী থেকে নারায়ণগঞ্জগামী একটি কোচে তল্লাশি করে ৪৯ বোতল ফেন্সিডিলসহ দু'জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরা হলেন- নাটোরের লালপুর এলাকার সোলেমান (৩৫) ও মনিরুজ্জামান (৪০)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই আদালত বিকালে সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে দত্তবাড়ী মহল্লার খৈমুদ্দীন (৫০), জেল মামুন (৪২) ও সূজাদৌল্লাকে (৪৫) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৮ ঘ.