সাভার, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় ঢাকার সাভারে দু'টি খামারের আট হাজারের বেশি মুরগি নিধনের নির্দেশ দিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
রোববার উপজেলার কুটুরিয়া এলাকার 'দীপ পোল্ট্রি' ও কাঠগড়া এলাকার 'জয়নগর পোল্ট্রি এগ্রো হ্যাচারি'র মুরগিতে বার্ড ফ্লু সনাক্ত হয়।
রাতের মধ্যে এই দুই খামারের আট হাজার ৮০০ মুরগি নিধন করা হবে বলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন।
সাভার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় জানায়, গত কয়েকদিন ধরে এ দুই খামারে মুরগি মারা যেতে থাকলে কিছু নমুনা রোববার সকালে কেন্দ্রীয় রোগ অনুসন্ধানাগারে (সিডিআইএল) পাঠানো হয়।
সেখানে পরীক্ষায় বার্ড ফ্লু সনাক্ত হলে ওই দুই খামারের সব মুরগি নিধনের নির্দেশ দেন প্রাণিসম্পদ অধিদপ্তর।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদুল আলম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশ মোতাবেক ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলীর উপস্থিতিতে মুরগি নিধনের কাজ শুরু হয়েছে। মধ্য রাতের আগেই নিধন কাজ শেষ হবে।
এদিকে, বার্ড ফ্লু আক্রান্ত খামার সংশ্লিষ্ট মালিক বা কর্মচারীদের বার্ড ফ্লু সংক্রমণ থেকে নিরাপদ রাখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টেমি ফ্লু নামের ক্যাপসুল খেতে দেওয়া হয়েছে।
এর আগে গত ১১ ফেব্র"য়ারি উপজেলার রাজাশন এলাকার ঘাসমহলের 'সুরেশস্বরী এগ্রো মহল' খামারের মুরগির বার্ড ফ্লু সনাক্ত হয়। পরদিন ওই খামারের এক হাজার ৭৮৪টি মুরগি নিধন করে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.
bdnews24