টাঙ্গাইল, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যাত্রার নামে জুয়া, হাউজি ও অশ্লীল নৃত্য প্রদর্শন কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারিনটেনডেন্টসহ ছয়জনকে নোটিশ দিয়েছে আদালত।
ভূঞাপুর উপজেলার কয়েকটি স্থানে যাত্রার নামে জুয়া, হাউজি ও অশ্লীল নৃত্য প্রদর্শনে নিষেধাজ্ঞা চেয়ে সাবেক পৌর মেয়র আবদুল খালেক মণ্ডলসহ চারজনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রোববার এই আদেশ দেয়।
সহকারী জজ জিয়াউর রহমান আদেশে বলেছেন নোটিশ প্রাপ্তির তিনদিনের মধ্যে বিবাদিদের কারণ জানাতে হবে।
ওই দুই কর্মকর্তা ছাড়াও নোটিশ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, গোবিন্দাসী ও গাবসারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে।
টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান সাংবাদিকদের জানান, ভূঞাপুর উপজেলার বাগবাড়ী, রামপুর ও গোপিনাথপুর এলাকায় হাউজি, জুয়া ও অশ্লীল নৃত্য প্রদর্শন চলছে অভিযোগ করে বৃহস্পতিবার মামলাটি করা হয়।
বাকি তিন বাদি হলেন- অ্যাডভোকেট আবু তালেব মিঞা, শাহজাহান সরকার ও খসরু মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৭ ঘ.
bdnews24