২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএটিসির রেক্টর দেলোয়ার অবসরে

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর দেলোয়ার হোসেনের স্বেচ্ছা অবসরে যাওয়ার আবেদন মঞ্জুর করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর দেলোয়ার হোসেনের স্বেচ্ছা অবসরে যাওয়ার আবেদন মঞ্জুর করেছে সরকার। চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় গণকর্মচারি (অবসর) আইন অনুযায়ী তার এ আবেদন মঞ্জুর করা হয় বলে রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে। এতে বলা হয়, আবেদন অনুযায়ী দেলোয়ার হোসেনের এ অবসর আগামী ১০ মার্চ থেকে কার্যকর হবে। রোববারও তিনি সাভারে বিপিএটিসির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার সুবিধার জন্য এদিনই তাকে অন্য এক আদেশে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এর আগে গত বছরের ১৯ অক্টোবর বিপিএটিসি'র রেক্টর দেলোয়ার হোসেনকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে বদলি করা হয়। সাবেক এই ভূমি সচিব ভূমি মন্ত্রণালয়ের অধীনে ওই পদে বদলির আদেশ 'অবমাননাকর' উল্লেখ করে অক্টোবর মাসেই স্বেচ্ছায় অবসরে যাওয়ার আবেদন করেন। এরপর তিনি তার কার্যালয়ে যাওয়াও বন্ধ করে দেন। পরে সরকার তার ওই বদলির আদেশ বাতিল করলে তিনি আবারো কাজে যোগ দেন। দেলোয়ার হোসেন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮১ ব্যাচের কমকর্তা। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৮ ফেব্র"য়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রথম ৫০ সন্দেহভাজন দুর্নীতিবাজের তালিকা প্রকাশের সময় দেলোয়ার হোসেন দুদকের সচিব ছিলেন। এ নিয়ে তিনি বিভিন্ন সময় আলোচিত-সমালোচিতও হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এইচএ/১৮৫০ ঘ.