২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওকালতনামার আয় নিয়ে আইনজীবী সমিতির মামলা

সুপ্রিম কোর্টের ওকালতনামা বিক্রি থেকে আসা অর্থে গড়মিলের অভিযোগ এনে মামলা করেছে আইনজীবী সমিতি। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের ওকালতনামা বিক্রি থেকে আসা অর্থে গড়মিলের অভিযোগ এনে মামলা করেছে আইনজীবী সমিতি। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। সমিতি বলছে, গত দুই বছরে আয়ের হিসাবে গড়মিল দেখা গেছে। সুতরাং এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে- যা খতিয়ে দেখা দরকার। শনিবার শাহবাগ থানায় এ মামলা করেন সমিতির সুপারিনটেন্ডেন্ট নিমেশ চন্দ্র দাশ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ২০০৯-১০ মেয়াদে আওয়ামী লীগ ও বামপন্থি মতাদর্শী আইনজীবীরা নির্বাচিত হন। ২০১০-১১ মেয়াদে নির্বাচিত হয় জাতীয়তাবাদী-ডানপন্থি আইনজীবীরা। মামলার এজাহারে বলা হয়, ২০০৯-১০ সালে ওকালতনামা বিক্রি থেকে ৯২ লাখ ৬৪ হাজার টাকা আয় করে সমিতি। তবে ২০১০ সালের ৪ এপ্রিল থেকে ২০১১ সালের ১৫ ফেব্র"য়ারি পর্যন্ত আয় করেছে এক কোটি ৯৭ লাখ ৮৫ হাজার ২৫০ টাকা। এ ছাড়া গড়মিলের বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় ওই সময়ের দায়িত্ব পালনকারী দুই কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে বলেও এজাহারে বলা হয়। সমিতি সূত্রে জানা গেছে, প্রতিটি মামলার জন্যই প্রয়োজন হয় ওকালতনামা। ২৫০ টাকার বিনিময়ে আইনজীবী সমিতির সিলসহ ওকালতনামা দেওয়া হতো। তবে গত বছরের ১০ এপ্রিল থেকে প্রতিটি ওকালতনামায় লাগানো হচ্ছে বিশেষ ধরনের নিরাপত্তা স্টিকার। এই স্টিকারে তারিখ ও সময় উল্লেখসহ স্বতন্ত্র ক্রমিক থাকছে। সমিতির বর্তমান সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, "দুই বছরের আয়ে ব্যাপক গড়মিল থাকায় আমাদের মনে হয়েছে বেশকিছু অসঙ্গতি রয়েছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যই সমিতি এ মামলা করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/পিডি/১৮১৩ ঘ.