২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আধুনিক ভূমি ব্যবস্থাপনার অভাবে সেবা দিতে সমস্যা হচ্ছে'

আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে না ওঠায় নথি সংরক্ষণ, মানচিত্র তৈরি ও মালিকানা নিয়ে বিরোধ নিস্পত্তিতে সমস্যা হচ্ছে মন্তব্য করে ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হিরা বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ এ সমস্যা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

বাগেরহাট, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে না ওঠায় নথি সংরক্ষণ, মানচিত্র তৈরি ও মালিকানা নিয়ে বিরোধ নিস্পত্তিতে সমস্যা হচ্ছে মন্তব্য করে ভূমি মন্ত্রী মো. রেজাউল করিম হিরা বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংরক্ষণ এ সমস্যা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শনিবার বিকেলে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কুমারখালী গুচ্ছগ্রামে ভূমিহীন পরিবারের কাছে জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জলবায়ুর পরিবর্তনের শিকার মানুষের পুনর্বাসন প্রকল্পের (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্ট) আওতায় ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামে মরা ভোলা নদীর চরে ৫১ লাখ ১৮ হাজার ৫০০ টাকা ব্যয়ে প্রায় সাড়ে তিন একর জমিতে এই গুচ্ছগ্রাম স্থাপন করা হয়েছে। চল্লিশটি ভূমিহীন পরিবারকে এখানে পুনর্বাসিত করা হয়েছে। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী বলেন, ভূমির সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে দেশের উপকূলীয় ১৯ জেলাসহ মোট ২১ জেলার ১২০টি উপজেলার ডিজিটাল ল্যাণ্ড জোনিং ম্যাপসহ একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ভূমির বৈশিষ্ট ও গুণাগুণ অনুযায়ী জমিকে কৃষি, বন, চিংড়ি চাষ, শিল্পাঞ্চল, পর্যটন, প্রাকৃতিক জীব বৈচিত্র ইত্যাদি ভাগে উপস্থাপন করা হয়েছে এই মানচিত্রে। তা ছাড়া ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবাদী জমি সংরক্ষণে 'কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবস্থাপনা আইন' নামে একটি আইন তৈরি হচ্ছে। এই আইন ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারবে। ভূমিহীনদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ২০১০ সালের জুন পর্যন্ত সারাদেশে মোট ৬৩ হাজার ৯৪১টি ভূমিহীন পরিবারের মাঝে ২৪ হাজার ৬৯ একর খাস জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় দেশের ৬১টি জেলার ১৮৮টি উপজেলার সরকারী খাস জমিতে ১০ হাজার ৬৫০টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের কাজ চলছে। ইতোমধ্যে পাঁচ হাজার ৮৬৫টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। বাগেরহাটের জেলা প্রশাসক মো. আকরাম হোসেনের সভাপতিত্বে দলিল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন প্রজেক্টের আঞ্চলিক প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার খন্দকার রফিকুল ইসলাম, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম হোসেন ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাস। অনুষ্ঠান শেষে ভূমি মন্ত্রী সন্ধ্যায় বাগেরহাটে ফিরে আসেন এবং রাতে মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের বেজে বিএনসিসির নেভাল উইংয়ের বার্ষিক প্রশিক্ষণ সমাপনীতে অংশ নেন। রোববার সকালে তার ঢাকার উদ্দেশ্যে বাগেরহাট ত্যাগ করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২২৯ ঘ.