ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যাপক অপালা ফারহাদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ছায়ানটে তার মরদেহ রাখা হলে সেখানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তার প্রতি শ্রদ্ধা জানায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের এ অধ্যাপক শুক্রবার রাত সাড়ে ১০টায় ধানমণ্ডির মডার্ন হাসপাতালে মারা যান।
তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর।
অপালা ছায়ানটের শিক্ষার্থী, পরবর্তীতে শিক্ষক এবং সাধারণ সংসদের সদস্য ছিলেন। তার বাবা প্রয়াত ওয়াহিদুল হক, মা সনজীদা খাতুন।
অপালার ভাই পার্থ তানভীর নভেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার (অপালা) ইচ্ছে অনুয়ায়ী মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজে ব্যবহারের জন্য দান করা হবে।
তিনি বলেন, মানবকল্যাণের কাজে ব্যবহারের জন্য অপালা জীবিতবস্থায় তার মরদেহ দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
বর্তমানে মরদেহটি বারডেম হাসপাতালের হিমঘরে রয়েছে।
অপালার স্বামী নিয়াজ মোর্শেদ কাদেরি বেসরকারি টেলিভিশন 'সময়' এর সম্পাদকীয় বিভাগের প্রধান। তাদের একটি মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/পিডি/২১৪৪ ঘ.
bdnews24