সুনামগঞ্জ, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতক পৌর এলাকায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় শতাধিক।
পুলিশ জানায়, পৌর এলাকার তাতিকোনা ও বাগবাড়ি এলাকায় শুক্রবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। মোবাইল ফোনের ফ্লেক্সিলোডে টাকা কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত।
নিহতের নাম জামাল উদ্দিন (২৯)। তিনি তাতিকোনা গ্রামের আমজাদ আলীর ছেলে।
আহতদের মধ্যে ৩০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ছাতক উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষ চলাকালে পৌর এলাকার মণ্ডলীভোগে ছয়টি দোকান ভাংচুর ও দুটি মটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছোড়ে পুলিশ।
আহতদের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয় গেছে। এরা হলেন- আল আমিন (২০), বিজয় (২৫), রাজউদ্দিন (৩০), শাহীদ আলী (৪০), ময়না মিয়া (৪৫), হাজী নিজাম উদ্দিন (৫০), শাহেদ আলী সরকার (৪২), সিরাজুল ইসলাম (৪৮), কফিল উদ্দিন (৫০), এরশাদ আলী (৫২), লাবলু মিয়া (৩০), এখলাছ উদ্দিন (৪০), তাজ উদ্দিন (৩৫), দুদু মিয়া (৪৫), মোহাম্মদ মোস্তফা (৪২)।
এছাড়া সংঘর্ষ থামাতে গিয়ে ছাতক থানার উপপরিদর্শক হারুনুর রশিদ আহত হয়েছেন।
ছাতক থানার ওসি মুন্সি শাহ জালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগবাড়ি গ্রামের মোমিন মিয়া তাতিকোনা গ্রামের শাওন মিয়ার দোকানে ফ্লেক্সিলোড করতে যান। দোকান মালিক শাওন ২০ টাকার বদলে ১৯ টাকা ফ্লেক্সিলোড দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
"এর জের ধরে বাগবাড়ি ও তাতিকোন গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষের এক পর্যায়ে তাতিকোনা গ্রামের জামাল ঘটনাস্থলেই নিহত হয়।"
তিনি জানান, এতে পুলিশসহ উভয় গ্রামের ১৩০ জন আহত হয়।
পুনরায় সংঘর্ষের আশঙ্কায় দুই গ্রামেই পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৪০ ঘ.
bdnews24