গাজীপুর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে ঢাকা পরিবহনের একটি বাস আগুনে পুড়ে গেছে। আগুন লাগার পর বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে মহিলাসহ অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সালনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে যাত্রীরা জানান।
বাসযাত্রী কাপাসিয়ার মো. আলম (২৮) সাংবাদিকদের জানান, সকালে তিনি গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জয়দেবপুর-চৌরাস্তা থেকে ঢাকা পরিবহনের বাসে ওঠেন।
ঢাকা-কাপাসিয়া রুটের জয়দেবপুর চৌরাস্তার উত্তরে সৈকত সিএনজি ফিলিং স্টেশন থেকে ওই বাসে গ্যাস নেওয়া হয়। এর পর থেকে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের হচ্ছিলো।
যাত্রীরা বিষয়টি টের পেয়ে চালককে তা পরীক্ষা করার অনুরোধ জানান। কিন্তু চালক আশরাফ মিয়া তা উপেক্ষা করে বাস চালাতে থাকেন।
যাত্রীরা কৃষি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বাসটি থামাতে বাধ্য করে। এসময় বাসের চাকা বিকট শব্দে ফেটে যায়। এরপর বাসটিতে আগুন ধরে যায়।
আগুনে বাস যাত্রী কাপাসিয়ার গৃহবধূ ফেরদৌসী বেগমের পরনের শাড়ির কিছু অংশ পুড়ে যায়। তার মাথার চুলও পুড়ে গেছে বলে আলম জানান।
খবর পেয়ে গাজীপুর দমকল বাহিনী ও নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
যাত্রী আলম বলেন, "অল্পের জন্য বেঁচে গেছি। চালকের অবহেলার জন্য এ দুর্ঘটনাটি ঘটেছে।"
গাজীপুর দমকল বাহিনীর কর্মকর্তা (স্টেশন অফিসার) আবু জাফর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলিন্ডার ছিদ্র হয়ে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত। তবে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়নি। এটি বিস্ফোরিত হলে বড় ধরনের অঘটন ঘটতে পারতো।
তিনি বলেন, আহত বাস যাত্রীরা স্থানীয় ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে বলে জানান দমকল কর্মকর্তা।
ঢাকা পরিবহনের কর্মকর্তা আব্দুল মান্নান ও কর্মচারী শাহজান মিয়া জানান, ঘটনার জন্য চালক দায়ী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২০ ঘ.
bdnews24