২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা হত্যার ৩৮ বছর পর মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিশ্বাস (জাবদুল) হত্যাকাণ্ডের ৩৮ বছর পর মামলা দায়ের হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 02:32 PM

সিরাজগঞ্জ, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বিশ্বাস (জাবদুল) হত্যাকাণ্ডের ৩৮ বছর পর মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহতের ছোট ভাই বাদী হয়ে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ ও ৪ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এতে পাঁচজনকে আসামি করা হয়েছে। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার রায় মামলাটি আমলে নিয়ে উল্লাপাড়া থানার পুলিশ পরিদর্শককে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন- উপজেলার উধুনিয়া ইউনিয়নের বগুড়া গ্রামের বক্কার আলী প্রমাণিক (৬৫), নিজাম উদ্দিন (৬২), নুরুল ইসলাম খান (৬২), ফজলুল হক (৬৭) ও আব্দুর রাজ্জাক (৬৩)। বাদীর আইনজীবী অ্যাডভোকেট জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উধুনিয়া ইউনিয়নের বগুড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বিশ্বাস (জাবদুল) মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই আসামিরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সকালে আসামিরা মুক্তিযোদ্ধা জাবদুলকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং স্থানীয় নিজাম উদ্দিনের বাড়িতে আটকে রেখে নির্যতন করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা দু'ভাগ করে জাবদুলকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মামলার বিবরণে বলা হয়, হত্যাকাণ্ডের পর মুক্তিযোদ্ধা জাবদুলের পা দড়ি দিয়ে বেঁধে টেনে-হিঁচড়ে পাশের একটি জায়গায় ফেলে রাখা হয়। অ্যাডভোকেট জাহিদ হোসেন খান বলেন, "আসামিরা সবাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।" আসামিরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এতোদিন মামলা করা সম্ভব হয়নি বলে মামলায় উল্লেখ করেছেন বাদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৯৫৮ ঘ.