চাঁদপুর ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে ট্রলার ডুবে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ শামীমের (২০) বাড়ি বরিশালের স্বরূপকাঠি উপজেলার নান্দুহার গ্রামে।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহ আলম সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোরে বরিশালের মুলাদী থেকে গাছের গুঁড়ি নিয়ে ট্রলারটি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। বিকালে মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় পৌঁছার পর মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়।
একটি যাত্রীবাহী লঞ্চ পাশ দিয়ে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায় বলে এসআই জানান।
ট্রলারের থাকা পাঁচজনের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও শামীম নামের এই শ্রমিককে ও ট্রলার উদ্ধার করা যায়নি।
পুলিশ নদীতে তল্লাশি চালাচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা শাহ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24